আগামীকাল দেশের আকাশে চন্দ্রগ্রহণ দেখা যেতে পারে
আগামীকাল শুক্রবার ঘটতে পারে বছরের শেষ চন্দ্রগ্রহণ। এদিন দেশের বিভিন্ন স্থান থেকে চন্দ্রগ্রহণ দেখা যাবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
বৃহস্পতিবার আবহাওয়া অধিদফতর সূত্রে জানা গেছে, আকাশ পরিষ্কার থাকলে বাংলাদেশে চন্দ্রোদয়ের পর থেকে গ্রহণ শেষ হওয়া পর্যন্ত আংশিকভাবে দেখা যাবে।
মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানিয়েছে, ১৯ নভেম্বর বাংলাদেশ সময় বেলা আড়াইটার দিকে এ আংশিক চন্দ্রগ্রহণ হবে। সে সময় লালচে রং ধারণ করবে চাঁদ।
তবে আবহাওয়া অধিদফতর জানায়, এদিন ঢাকায় বিকেল ৫টা ১৩ মিনিট ৪২ সেকেন্ডে চন্দ্রগ্রহণ শুরু হয়ে শেষ হবে সন্ধ্যা ৬টা ৫ মিনিট ৩০ সেকেন্ডে। ময়মনসিংহে বিকেল ৫টা ১১ মিনিট ৪৭ সেকেন্ডে শুরু হয়ে শেষ হবে সন্ধ্যা ৬টা ৩ মিনিট ৪৮ সেকেন্ডে। চট্টগ্রামে বিকেল ৫টা ১০ মিনিট ৩৬ সেকেন্ডে শুরু হয়ে সন্ধ্যা ৬টা ৩ মিনিট ৩৩ সেকেন্ডে শেষ হবে। সিলেটে বিকেল ৫টা ৫ মিনিট ৩৬ সেকেন্ডে শুরু হয়ে বিকেল ৫টা ৫৪ মিনিট ৩০ সেকেন্ডে শেষ হবে। খুলনায় বিকেল ৫টা ৪২ মিনিট ২৪ সেকেন্ডে শুরু হয়ে শেষ হবে সন্ধ্যা ৬টা ১১ মিনিট ১৬ সেকেন্ডে।