আগামী সোমবার থেকে দেশে বইতে পারে শৈত্যপ্রবাহ
আগামী সোমবার থেকে দেশে বইতে পারে শৈত্যপ্রবাহ। শৈত্যপ্রবাহ শুরু হওয়ার পর দেশের কিছু কিছু জায়গায় তাপমাত্রা কমে ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামতে পারে।
তবে তাপমাত্রা একেবারে কম থাকতে পারে রংপুর, যশোর, রাজশাহী অঞ্চল ও মৌলভীবাজারের শ্রীমঙ্গলে। এদিকে তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র জানিয়েছে, গত সাত দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে তেঁতুলিয়ায়। তাপমাত্রার পারদ ১১ থেকে ১৩’র ঘরে ওঠানামা করছে। আগামী দিনে আরও বাড়বে শীত।
এদিকে আবহাওয়াবিদ মো. ওমর ফারুক বলেন, রবিবার তাপমাত্রা কমতে থাকবে। কাল সোমবার থেকে শৈত্যপ্রবাহ শুরুর সম্ভাবনা প্রবল। আবহাওয়া অধিদফতরের দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার উপমহাদেশীয় উচ্চ তাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তার লাভ করেছে।
শীতে কাঁপছে পঞ্চগড়:
আমাদের পঞ্চগড় প্রতিনিধি জানান, পঞ্চগড়ে কমছে তাপমাত্রা। বাড়ছে শীতের তীব্রতা। ভোর বেলা থেকে সকাল ১১ টা পর্যন্ত কুয়াশার চাদরে ঢাকা থাকছে সবকিছু। সারাদিন হিমালয় থেকে বয়ে আসা হিমবায়ু প্রবাহিত হচ্ছে। হিমাবায়ুর ফলে কুয়াশার চাদরে মোড়া থাকছে সবকিছু। দুপুরের পর সূর্যের দেখা মিললেও রোদের তীব্রতা কম অনুভূত হচ্ছে।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র জানিয়েছে, গত ৭ দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে তেঁতুলিয়ায়। তাপমাত্রার পারদ ১১ থেকে ১৩’র ঘরে ওঠানামা করছে। আগামী দিনে আরও বাড়বে শীত।