আগামী সংসদ নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে: বিএনপি নেতা দুলু
বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, "ফ্যাসিবাদী আওয়ামী লীগ দেশের মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করেছে এবং গত ১৫ বছরে দেশের নির্বাচন ব্যবস্থা পুরোপুরি ধ্বংস করেছে।"
আজ (বুধবার) বেলা ১১টায় নাটোর জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে চিনিকল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
দুলু বলেন, "আওয়ামী লীগের শাসনামলে জাতীয় নির্বাচন থেকে শুরু করে কোনো নির্বাচনই সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়নি। জনগণ ভোটের অধিকার হারিয়েছে। শুধু সংসদ নির্বাচন নয়, শ্রমিক নির্বাচনসহ সকল নির্বাচন ব্যবস্থাকে নষ্ট করা হয়েছে। বিএনপি দীর্ঘ ১৫ বছর ধরে জনগণের ভোট ও ভাতের অধিকারের জন্য লড়াই চালিয়ে যাচ্ছে।"
তিনি আরও বলেন, "আগামী সংসদ নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্র ও চক্রান্ত চলছে। নির্বাচন তিন মাসের মধ্যে হওয়ার কথা থাকলেও, সরকার নির্বাচন দেরিতে করার চেষ্টা করছে। তবে বিএনপির নেতাকর্মীদের এখন থেকেই ধানের শীষ প্রতীককে জয়ী করার জন্য কাজ শুরু করতে হবে। নাটোর চিনিকল শ্রমিক নির্বাচনে বিএনপিপন্থী প্রার্থীদের জয় আমাদের অনুপ্রেরণা জোগাবে এবং আগামী সংসদ নির্বাচনে বিজয় অর্জনে উৎসাহিত করবে।"
সভায় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম আফতাব, নাটোর পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলম, শ্রমিক নেতা হাবিবুর ইসলাম হেলাল, সাধারণ সম্পাদক আবু সাইদ, সহসভাপতি আতাউর রহমান বাবু, সহসভাপতি (অফিস) মাইনুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক (কারখানা) মাহমুদুল হাসান নাহিদ, যুগ্ম সাধারণ সম্পাদক (অফিস) মো. আনোয়ার হোসেন চৌধুরী প্রমুখ।