আগামী সাতদিন হতে পারে রাজধানীতে বিদ্যুৎ বিভ্রাট
আগামী ১৬ থেকে ২২ জুলাই রাজধানী ঢাকায় সাতদিন বিদ্যুৎ বিভ্রাট হতে পারে। বিদ্যুৎ বিভাগ গ্রাহকদের এ সাময়িক অসুবিধার জন্য অগ্রিম দুঃখ প্রকাশ করেছে।
শনিবার এক বিজ্ঞপ্তিতে বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
এই বিজ্ঞপ্তিতে বলা হয়, পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড এর রামপুরা ২৩০/১৩২ কেভি গ্রিড উপকেন্দ্রের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে আগামী ১৬ জুলাই সকাল ৭টা থেকে আগামী ২২ জুলাই বিকেল ৫টা পর্যন্ত নতুন একটি ২৩০/১৩২ কেভি, ৪৫০ এমভিএ ট্রান্সফরমার স্থাপনের কাজ চলবে।
আগামী সাত দিন ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এবং ঢাকা ইলেক্ট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেডের আওতাধীন কিছু কিছু এলাকায় আংশিক বিদ্যুৎ ব্যাহত হতে পারে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, জাতীয় গ্রিডের উন্নয়নমূলক কাজের স্বার্থে বিদ্যুৎ গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য বিদ্যুৎ বিভাগ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে।