আগামী মার্চে ওমিক্রনের টিকা বাজারে আনছে ফাইজার
করোনা ভাইরাসের নতুন ধরন ওমিক্রনের কারণে সংক্রমণ বাড়ছে বিশ্বব্যাপী। নতুন এই ভ্যারিয়েন্ট শনাক্ত হওয়ার পর থেকে টিকা প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলো এ নিয়ে কাজ শুরু করেছে। সেই কাজের সবশেষ ফলাফল হিসেবে যুক্তরাষ্ট্রের ফাইজার ও জার্মানির বায়োএনটেকের পক্ষ থেকে এবার সুখবর এসেছে।
ফাইজারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আলবার্ট বোরলা বলেছেন, ওমিক্রনকে মাথায় রেখে টিকা তৈরির কাজ চলছে। আশা করছি, এ টিকা আগামী মার্চের মধ্যে প্রস্তুত হবে এবং ওমিক্রনের টিকার ব্যাপারে বিভিন্ন দেশের সরকারের আগ্রহ রয়েছে। ফলে, টিকা তৈরির কাজ দ্রুততার সঙ্গে চলছে।
যারা এর আগে করোনার টিকা নিয়েছেন, তারাও ওমিক্রনে আক্রান্ত হচ্ছেন। এ পরিস্থিতিতে টিকা তৈরির কাজ চালিয়ে যাচ্ছে ফাইজার।
টিকার কার্যকারিতা প্রসঙ্গে সিএনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে আলবার্ট বোরলা বলেন, টিকা প্রস্তুত হবে আগামী মার্চে। এখন বিদ্যমান টিকার দুই ডোজ ও বুস্টার ডোজ ওমিক্রনে গুরুতর অসুস্থ হওয়ার ক্ষেত্রে ভালো সুরক্ষা দিচ্ছে।