শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
শিক্ষা

আগামী বছর থেকে বেসরকারি বিশ্ববিদ্যালয়েও নেয়া হবে ভর্তি পরীক্ষা

মোহাম্মদ খাইরুল আমিন • 15 মে 2022, 12:25 দুপুর • 557 বার পঠিত
আগামী বছর থেকে বেসরকারি বিশ্ববিদ্যালয়েও নেয়া হবে ভর্তি পরীক্ষা

আগামী বছর থেকে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোও পরীক্ষা ছাড়া কোনো শিক্ষার্থী ভর্তি করতে পারবে না। তবে জানা যায় অভিন্ন পরীক্ষার মাধ্যমে পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তির কথা ভাবছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

 বর্তমানে দেশে ১১২টি বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে।

জানা যায় দেশের বেসরকারি অনেক বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে নিজেদের ইচ্ছেমতো শিক্ষার্থী ভর্তির অভিযোগ দীর্ঘদিনের।  অনেক উদ্যোগ নিয়েও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর রাশ টেনে ধরতে পারেনি ইউজিসি। তাই বেসরকারি বিশ্ববিদ্যালয়ে এবার ভর্তি পরীক্ষা চালুর সিদ্ধান্ত নিয়েছে তারা।

ড. বিশ্বজিৎ চন্দ বলেন, পরীক্ষা দিয়ে যোগ্যতার প্রমাণ দিয়ে ভর্তি হতে হবে। তারপর তাদের পছন্দ অনুযায়ী, চয়েস ফর্ম পূরণ করতে পারবে। একেবার অটোমেটিক সিস্টেমের মাধ্যমেই তারা ভর্তির সুযোগ পাবে।

এদিকে বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি বলছে, এতে মান নিশ্চিত করতে না পারলে প্রতিযোগিতায় টিকতে ব্যর্থ হয়ে শিক্ষার্থী হারাবে অনেক বিশ্ববিদ্যালয়।

বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির সহ-সভাপতি অধ্যাপক ড. আব্দুল মান্নান চৌধুরী বলেন, এ ক্ষেত্রে এমন ঘটনা ঘটতে পারে যে কোনো কোনো বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নাও পেতে পারে। যেমন, বর্তমানে কেন্দ্রীয়ভাবে বণ্টনের কারণে কোনো কোনো কলেজ কিন্তু শিক্ষার্থী পাচ্ছে না। সেটাই কোনো কোনো বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে ঘটতে পারে। এ ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়গুলোর দায়িত্ব হবে, মানসম্মত শিক্ষা দেওয়া।

আর শিক্ষা গবেষকরা বলছেন, একটি পরীক্ষার মাধ্যমে ভর্তি করলে জোর মনিটরিং না থাকলে ফলপ্রসূ হবে না এ সিদ্ধান্ত।