শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

আগামী ১০ নভেম্বর দেশের সব জেলায় থেকে ই-পাসপোর্ট চালু

অনলাইন নিউজ পোর্টাল • 29 অক্টোবর 2020, 09:33 রাত • 1,019 বার পঠিত
আগামী ১০ নভেম্বর দেশের সব জেলায় থেকে ই-পাসপোর্ট চালু

আগামী ১০ নভেম্বর দেশের সব জেলায় থেকে ই-পাসপোর্ট (ইলেকট্রনিক পাসপোর্ট) কার্যক্রম চালু হবে বলে জানিয়েছে পাসপোর্ট অধিদফতর। বর্তমানে ৪৭টি জেলায় এ সেবার সম্প্রসারণ কাজ চলমান রয়েছে।

বৃহস্পতিবার সংসদ ভবনে অনুষ্ঠিত স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১২তম বৈঠকে এ তথ্য জানানো হয়।

কমিটির সভাপতি মো. শামসুল হক টুকুর সভাপতিত্বে বৈঠকে অংশ নেন কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, মো. আফছারুল আমীন, মো. হাবিবর রহমান, সামছুল আলম দুদু, কুজেন্দ্র লাল ত্রিপুরা, পীর ফজলুর রহমান, নূর মোহাম্মদ এবং সুলতান মোহাম্মদ মনসুর আহমদ।

বৈঠকের শুরুতে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের মৃত্যুতে শোক প্রকাশ করা হয়। বৈঠকে উচ্চতর শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির আগে এবং চূড়ান্ত পরীক্ষার আগে ডোপ টেস্ট/বিশেষ স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতামূলক করার সুপারিশ করা হয়। এরইমধ্যে পুলিশ সদস্যদের ডোপ টেস্ট শুরু করায় প্রশাসনকে ধন্যবাদ জানানো হয়। এছাড়া বৈঠকে জানানো হয় ‘ডোপ টেস্ট বিধিমালা ২০২০’ প্রণয়নের কার্যক্রম চলমান রয়েছে।

বৈঠকে চলমান মাদকবিরোধী অভিযান অব্যাহত রাখাসহ দেশে কিশোর অপরাধ বৃদ্ধি পাওয়ায় কথিত কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণসহ তাদের সংশোধনের জন্য পদক্ষেপ নিতে সুপারিশ করা হয়। এছাড়া দেশের সব গাড়ি চালককে ডোপ টেস্টের আওতায় আনার সুপারিশ করা হয়।