আফগানিস্তানের অর্ধশতাধিক জেলার নিয়ন্ত্রণ নিয়েছে তালেবান
মার্কিন সেনা প্রত্যাহার প্রক্রিয়া চলমান থাকার মধ্যেই আফগানিস্তানের অর্ধশতাধিক জেলার নিয়ন্ত্রণ নিয়েছে দেশটির সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী তালেবান। এর মাধ্যমে আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তায় বড় ধরনের ঝুঁকি তৈরি হয়েছে বলে সতর্কবার্তা দিয়েছে জাতিসংঘ।
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ দূত লিওনস জানিয়েছেন, তালেবান এরইমধ্যে ৫০টি জেলা দখল করে নিয়েছে। তারা এবার আঞ্চলিক রাজধানীগুলো দখল করার দিকে এগোচ্ছে। গত মে মাস থেকে তারা এই কাজ করছে। জাতিসংঘের মতে, তালেবান এভাবে একের পর এক এলাকা দখল করে নিলে আফগানিস্তানের শান্তি প্রক্রিয়া ধাক্কা খাবে। এলাকায় আবার উত্তেজনা দেখা দেবে।
আফগানিস্তান থেকে মার্কিন ও ন্যাটো বাহিনী ১১ সেপ্টেম্বরের মধ্যে চলে যাবে। এরইমধ্যে সেনা সরানোর প্রক্রিয়া শুরু হয়ে গেছে। তারপর থেকে তালেবান আরো বেশি আক্রমণাত্মক হয়েছে। তাদের এতদিন শক্ত ঘাঁটি ছিল দক্ষিণ আফগানিস্তান। তারা এবার উত্তর দিকে একের পর এক এলাকা দখল করছে।
আফগান কর্মকর্তারা জানিয়েছেন, তালেবান তাজিকিস্তান-আফগানিস্তানের সীমান্ত-শহর দখল করে নিয়েছে। এছাড়া উত্তরের আরো দুইটি জালো নাহরিন এবং বাঘলান-ই-মারকাজিও তারা কব্জা করেছে।
উল্লেখ্য, ২০ বছর আগে ২০০১ সালে ৯/১১-র পর যুক্তরাষ্ট্র আফগানিস্তানে সেনা পাঠিয়েছিল। তালেবান শাসনের পতন হয়েছিল। এখন আবার আফগানিস্তানে শক্তি বাড়াচ্ছে ও অনেকখানি এলাকা দখল করে নিয়েছে তালেবান। এই অবস্থায় আগামী শুক্রবার আফগান প্রেসিডেন্টের সঙ্গে আলোচনায় বসবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।