শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
খেলা

আফগানিস্তানের বিপক্ষে আজ প্রথম টি-২০তে নামছে বাংলাদেশ

onp24 • 14 জুলাই 2023, 03:10 দুপুর • 414 বার পঠিত
আফগানিস্তানের বিপক্ষে আজ প্রথম টি-২০তে নামছে বাংলাদেশ

আজ বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল আফগানিস্তানের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টি-২০তে মাঠে নামছে । যেখানে নিজেদের প্রমাণ করে উন্নতি অব্যাহত রাখতে চায় টাইগাররা।

আজ সন্ধ্যা ৬টায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি।   

গত বছর টি-২০ বিশ্বকাপের পর থেকে খেলা ছয় ম্যাচের পাঁচটিতে জিতেছে বাংলাদেশ। এছাড়া ৩ ম্যাচের সিরিজে ইংল্যান্ডকে হোয়াইটওয়াশের নজিরও আছে টাইগারদের। বাংলাদেশের এমন পারফরমেন্স প্রমাণ করে, সংক্ষিপ্ত ভার্সনে উন্নতি করছে টাইগাররা।

আফগানিস্তানের বিপক্ষে এই ফরম্যাটে খুব বেশি সাফল্য নেই টাইগারদের। আফগানদের বিপক্ষে ৯টি ম্যাচের মধ্যে ছয়টিতেই হেরেছে বাংলাদেশ। সর্বশেষ দুই ম্যাচে বাংলাদেশের বিপক্ষে যথাক্রমে ৮ ও ৭ উইকেটে জয় পেয়েছিলো আফগানিস্তান। 

বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান এই সিরিজেই পরিসংখ্যান পাল্টে দেওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী । তিনি জানান, ২০২৪ টি-২০ বিশ্বকাপের জন্য একটি শক্তিশালী দল তৈরি করতে ধারাবাহিকতা অব্যাহত রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।

সাকিব আল হাসান বলেছেন, ‘আমরা এই ফরম্যাটে উন্নতি করছি, যা আমাদের সাম্প্রতিক পারফরমেন্সে ফুটে উঠেছে। আমরা টি-২০ বিশ্বকাপের পর কিছু ম্যাচ জিতেছি। সেই ধারা আমরা অব্যাহত রাখতে চাই।’

তিনি আরো বলেন, ‘আফগানিস্তান কঠিন প্রতিপক্ষ এবং ভিন্ন চ্যালেঞ্জ ছুঁড়ে দিবে। কিন্তু আমাদের মনে রাখতে হবে টি-২০তে বড় বা ছোট দল বলে কিছু নেই। আফগানদের বিপক্ষে এই সিরিজের দু’টি ম্যাচই জিততে চাই। ’

এদিকে সিলেটে বৃষ্টির পূর্বাভাস থাকায় টি-২০ সিরিজের দু’টি ম্যাচই বৃষ্টির কবলে পড়ার সম্ভাবনা অনেক বেশি। 

বাংলাদেশ দলে থাকছেন: সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন কুমার দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, শামিম হোসেন, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, এবাদত হোসেন চৌধুরী, শরিফুল ইসলাম, রিশাদ হোসেন ও আফিফ হোসেন ধ্রুব।

আফগানিস্তান দলে থাকছেন: রশিদ খান (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ, মোহাম্মদ শেহজাদ, হজরতউল্লাহ জাজাই, ইব্রাহিম জাদরান, সিদিকুল্লাহ আটাল, নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবি, করিম জানাত, আজমাতুল্লাহ ওমরজাই, মুজিব উর রহমান, ফজল হক ফারুকি, ফরিদ আহমেদ, নাভিন উল হক, নূর আহমেদ ও ওয়াফাদার মোমান্দ।