আফগানিস্তানে তালেবান-সেনা সংঘর্ষে অন্তত ১২৮ জন নিহত
আফগানিস্তানে তালেবানের সঙ্গে সরকারের শান্তি আলোচনা শুরুর কথা থাকলেও বিভিন্ন কারণে তা হচ্ছে না। এর মধ্যে চলছে দু’পক্ষে হামলা ও পাল্টা হামলা। দেশটিতে আলোচনা বিলম্বিত হওয়ায় শুক্রবার ভোর থেকে শনিবার পযর্ন্ত সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পৃথক তিনটি সংঘর্ষে অন্তত ১২৮ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে ১৪ নিরাপত্তাকর্মী এবং ১১৪ তালেবান যোদ্ধা ছিলেন।
শনিবার উত্তরাঞ্চলীয় টাখার প্রদেশে একটি তল্লাশি চৌকিতে তালেবানের হামলায় অন্তত নয়জন নিরাপত্তাকর্মী নিহত হয়েছে, আহত একজন। প্রাদেশিক পুলিশ প্রধানের মুখপাত্র এ তথ্য নিশ্চিত করেছেন।
শুক্রবার আফগান ন্যাশনাল আর্মি এক বিবৃতি দিয়ে জানায়, গত ২৪ ঘণ্টায় আকাশ ও ভূমি থেকে চালানো তাদের অভিযানে তালেবানের অন্তত ১১৪ জন যোদ্ধা নিহত হয়েছেন। এছাড়া উত্তর-পূর্বাঞ্চলীয় বাদাখশান প্রদেশে তালেবানের হামলায় আরো চার নিরাপত্তাকর্মী নিহত হয়েছে বলে জানিয়েছেন প্রাদেশিক সরকারের একজন মুখপাত্র।
দেশটির রাজধানী কাবুল পুলিশের মুখপাত্র জানিয়েছেন, শনিবার কাবুলে একটি ম্যাগনেটিক বোমা বিস্ফোরণ হয়েছে। তাতে প্রাণ হারিয়েছে নিরাপত্তা বাহিনীর একজন সদস্য। এছাড়া আহত হয়েছেন একজন বেসামিরক নাগরিকসহ চারজন। তবে ওই হামলার দায় তালেবান স্বীকার করেনি।
সাম্প্রতিক দিনগুলোতে রাজধানী কাবুলে এমন বোমা বিস্ফোরণের ঘটেই চলেছে। বিশেষ করে নিরাপত্তা বাহিনীর বাহনগুলো লক্ষ্য করে নিয়মিতই এসব হামলা চালানো হচ্ছে।