আফগানিস্তানে তালেবান ক্ষমতায় গেলে সীমান্ত বন্ধ করে দেবে পাকিস্তান
আফগানিস্তানে তালেবান ফের ক্ষমতায় গেলে পাকিস্তান সীমান্ত বন্ধ করে দেবে বলে জানিয়েছেন পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী। মার্কিন বাহিনী প্রত্যাহারের পরে আফগানিস্তানে সহিংসতা ও অরাজকতা আবারো মাথা চাড়া দিয়ে উঠতে পারে বলে আশঙ্কা করছেন তিনি।
গত রোববার সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে এসব কথা জানিয়েছেন পাকিস্তানের প্রভাবশালী এ মন্ত্রী। পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, পাকিস্তান এরইমধ্যে থেকে ৩৫ লাখ আফগান শরণার্থী গ্রহণ করেছে। এর বেশি আর নিতে পারবে না।
তিনি বলেন, আমরা আর (আফগান শরণার্থী) নিতে পারব না, সীমান্ত বন্ধ করতেই হবে। আমাদের জাতীয় স্বার্থের সুরক্ষা নিশ্চিত করতে হবে।
পাকিস্তানি মন্ত্রী আরো বলেন, আফগানিস্তানে শান্তিপ্রতিষ্ঠায় কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখবে পাকিস্তান এবং দেশটিতে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত সরকারকে স্বাগত জানাবে।
১৯৮৯ সালে সোভিয়েত বাহিনী প্রত্যাহারের পর আফগানিস্তানে বিভিন্ন গোষ্ঠীর সংঘর্ষের জেরে লাখ লাখ আফগান নাগরিক পালিয়ে পাকিস্তানে আশ্রয় নেয়।