আফগানিস্তান ও পাকিস্তানে বন্যা-ভূমিধসে নিহত ৪৪ জন
আফগানিস্তান ও পাকিস্তানে ভারী বর্ষণের জেরে সৃষ্ট বন্যা-ভূমিধসে ৪৪ জন মারা গেছেন এবং অনেকে নিখোঁজ রয়েছেন।
এ তথ্য এক প্রতিবেদনে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
এই প্রতিবেদনে বলা হয়, প্রবল বন্যায় আফগানিস্তানে কমপক্ষে ৩১ জনের প্রাণহানি হয়েছে এবং কয়েক জন নিখোঁজ। অন্যদিকে ভারী বর্ষণ এবং ভূমিধসে প্রতিবেশী দেশ পাকিস্তানে ১৩ জন মারা গেছেন।
আকস্মিক প্রবল বন্যা আঘাত হেনেছে আফগান রাজধানী কাবুল, ময়দান ওয়ারদাক ও গজনি প্রদেশে।
রবিবার আফগানিস্তানের দুর্যোগ মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, গত তিন দিনের বন্যায় নিহত হয়েছেন কমপক্ষে ৩১ জন ও আহত হয়েছেন ৭৪ জন এবং নিখোঁজ রয়েছেন ৪১ জন।
তিনি বলেন, নিহতদের মধ্যে বেশিরভাগই পশ্চিম কাবুল ও ময়দান ওয়ারদাকের বাসিন্দা।
তিনি আরো জানান, প্রায় আড়াইশো গবাদিপশু মারা গেছে বন্যায়।
চলতি বছরের এপ্রিলে জাতিসংঘের মানবিক বিষয়ক সংস্থা বলেছিল, আগে থেকেই নানা কারণে দক্ষিণ এশিয়ার এ দেশটি অর্থনৈতিক ও মানবিক সংকটের মধ্যে ছিল এবং আকস্মিক এই বন্যা আফগানিস্তানের দুর্দশা আরও বাড়িয়েছে।
অন্যদিকে, প্রতিবেশী দেশ পাকিস্তানের বিভিন্ন অংশে মৌসুমি ভারী বর্ষণ ও ভূমিধসে প্রাণ হারিয়েছে ১৩ জন এবং ৭জন আহত হয়েছে।
ভারী বৃষ্টিপাত ও বজ্রপাতের কারণে খাইবার পাখতুনখোয়া প্রদেশে অন্তত ৭৪টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মুখপাত্র তৈমুর খান।
এদিকে, প্রাদেশিক কর্তৃপক্ষ ভারী বৃষ্টির কারণে পাহাড়ি এলাকায় আকস্মিক বন্যা দেখা দেওয়ায় জরুরি অবস্থা ঘোষণা করেছে চিত্রাল জেলায়।