আফগান সন্ত্রাসীদের ছোড়া গুলিতে পাকিস্তানের চার সেনা নিহত
অনলাইন নিউজ পোর্টাল
•
05 মে 2021, 08:42 রাত
•
607 বার পঠিত
আফগানিস্তান সীমান্তের ভেতর থেকে সন্ত্রাসীদের ছোড়া গুলিতে পাকিস্তানের চার সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ছয়জন। বুধবার দেশটির দক্ষিণপশ্চিমাঞ্চলীয় বালুচিস্তান প্রদেশের ঝব শহরের কাছে এ হামলার ঘটনা ঘটেছে বলে পাকিস্তানি সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়, পাকিস্তানের একদল সেনা আফগানিস্তান সীমান্তে বেড়া বসানোর কাজ পর্যবেক্ষণ করছিলেন। এসময় সীমান্তের ওপার থেকে আচমকা গুলি ছোড়ে বন্দুকধারীরা। জবাবে পাকিস্তানি সেনারাও পাল্টা গুলি চালান।
এ ঘটনায় আহতদের নিকটবর্তী কোয়েটা শহরের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এখন পর্যন্ত কোনো দল বা গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। পাকিস্তানি সামরিক বাহিনীও এ বিষয়ে বিস্তারিত জানায়নি।