শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

আদমজী ইপিজেডে ‘মার্চ ফর গাজা’ ঘিরে সংঘর্ষ, আটক ৪৫

মোহাম্মদ খাইরুল আমিন • 12 এপ্রিল 2025, 11:50 রাত • 201 বার পঠিত
আদমজী ইপিজেডে ‘মার্চ ফর গাজা’ ঘিরে সংঘর্ষ, আটক ৪৫

নারায়ণগঞ্জের আদমজী ইপিজেড এলাকায় ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিকে কেন্দ্র করে দুইটি পোশাক কারখানার শ্রমিকদের সঙ্গে বহিরাগতদের সংঘর্ষ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে ইউনুস্কো বিডি লিমিটেড এবং অনন্ত হূয়াশিং গার্মেন্টস কারখানার কাচ ভাঙচুর করা হয়।

শনিবার (১২ এপ্রিল) বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন শিল্পাঞ্চল পুলিশ-৪’র নারায়ণগঞ্জ জোনের পরিদর্শক (ইন্টেলিজেন্স) সেলিম বাদশা।

তিনি জানান, বহিরাগত প্রায় ৩০০-৪০০ জন শ্রমিক ইপিজেড এলাকায় প্রবেশ করে স্থানীয় শ্রমিকদের নিয়ে গাজা ইস্যুতে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল করার চেষ্টা করে। এতে ইউনুস্কো বিডি লিমিটেড ও অনন্ত হূয়াশিং গার্মেন্টসের শ্রমিকরা যোগ না দেওয়ায় উত্তেজনার সৃষ্টি হয় এবং পরে দুই পক্ষের মধ্যে ইটপাটকেল ছোড়াছুড়ির ঘটনা ঘটে।

এ সময় এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে শিল্পাঞ্চল ও থানা পুলিশের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানান, ঘটনার সঙ্গে সম্পৃক্ত সন্দেহে সেনাবাহিনী ৪৫ জনকে আটক করে এবং পরে তাদের সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

তিনি আরও বলেন, “ফিলিস্তিন ইস্যু তো একটি সার্বজনীন মানবিক বিষয়। এখানে সব শ্রেণির মানুষ অংশ নেয়। তবে কেউ এই বিষয়কে ঘিরে অন্য কোনো ষড়যন্ত্র করেছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাটি নিয়ে তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে তৎপর রয়েছে।