আবুধাবি ফেরত কর্মীদের আবারো পাঠানো হবে: প্রবাস কল্যাণমন্ত্রী
আবুধাবি ফেরত প্রবাসী কর্মীদের অগ্রাধিকার ভিত্তিতে প্রয়োজনীয় পরীক্ষা শেষে পুনরায় বিদেশ পাঠানোর ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ। সোমবার করোনা পরিস্থিতিতে প্রবাসী কর্মীদের বিদেশে পাঠানোর প্রক্রিয়া সহজ করার লক্ষ্যে অনলাইনে জরুরি আন্তমন্ত্রণালয় সভায় এ কথা জানান তিনি।
প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমদ বলেন, প্রবাসী কর্মীরা দেশের সম্পদ। তারা যেন সহনশীল পর্যায়ের বিমান ভাড়ায় নির্বিঘ্নে গন্তব্য দেশে ফিরে যেতে পারেন সেদিকে সংশ্লিষ্ট সবাইকে লক্ষ্য রাখতে হবে। তাদের গন্তব্য দেশের চাহিদা অনুযায়ী পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করে প্রয়োজনীয় কাগজপত্রসহ বিদেশে পাঠানোর ব্যবস্থা করতে হবে। এছাড়াও প্রবাসী কর্মীদের বিদেশ যাত্রা নির্বিঘ্ন করার জন্য প্রয়োজনীয় ক্ষেত্রে কূটনৈতিক তৎপরতা অব্যাহত থাকবে।
আন্তঃমন্ত্রণালয় সভায় বেশ কিছু সিদ্ধান্ত নেয়া হয়েছে। সিদ্ধান্তগুলো হলো- বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও এয়ার এরাবিয়ার ফ্লাইটে প্রবাসী কর্মীদের আবুধাবি থেকে ফেরত আসার বিষয়ে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে প্রকৃত কারণ অনুসন্ধান করে মন্ত্রণালয়ে প্রতিবেদন দেবে।
ওই প্রতিবেদনের আলোকে উপর্যুক্ত ফ্লাইটে দেশে প্রত্যাবর্তনকারী যাত্রীদের পুনরায় সংশ্লিষ্ট এয়ারলাইন্স কিংবা সরকারি ব্যবস্থাপনায় গন্তব্য দেশে পাঠানোর ব্যবস্থা নেয়া হবে। যেসব যাত্রীর বাংলাদেশ বিমানের টিকিট বুকিং দেয়া আছে, পরবর্তী ফ্লাইটগুলোতে অগ্রাধিকার ভিত্তিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স তাদের অনুকূলে টিকিট প্রদান করবে এবং এ ক্ষেত্রে টিকেটের জন্য যাত্রীদের অতিরিক্ত কোনো মূল্য পরিশোধ করতে হবে না।