আবু সাঈদ হত্যা মামলার আসামি ছাত্রলীগ নেতা আকাশ আটক
জামালপুরের ইসলামপুর উপজেলায় বিশেষ অভিযান "ডেভিল হান্ট" পরিচালনা করে আবু সাঈদ হত্যা মামলার আসামি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী আকাশসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত আকাশ ইসলামপুরের গঙ্গাপাড়া এলাকার বাসিন্দা শাহেন শাহ চৌধুরী শাহিনের ছেলে। আকাশ বেরোবি ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও শেখ রাসেল শিশু কিশোর ক্রীড়া চক্রের সভাপতি ছিলেন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে ইসলামপুর উপজেলার সদর ইউনিয়নের গঙ্গাপাড়া নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর তিনি আত্মগোপনে ছিলেন।
এছাড়া, অভিযানে আরও দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে— ইসলামপুর পৌর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ চয়ন ও উপজেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সাইউল ইসলাম শোভন।
ইসলামপুর থানার অফিসার ইনচার্জ সাইফুল্লাহ সাইফ জানান, আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।