আবারও রিমান্ডে ইভ্যালির রাসেল
ব্যবসায় আসল মূলধন যেন প্রতারণা। সে পথ ধরেই রাতারাতি আত্মপ্রকাশ করে এক শ্রেণীর মানুষের মনে মিথ্যে আশার আলো জালিয়েছিলো ইভ্যালি। কিন্তু শেষমেশ যা হবার তাই হলো সত্যের বাতি নিভু নিভু যা অন্ধকারেও জ্বলে পক্ষান্তরে মিথ্যে আঁধারে ভরা। রাজধানীর ধানমন্ডি থানার প্রতারণার মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেলের একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। অন্যদিকে রাসেলের স্ত্রী প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিনের রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়েছে। গতকাল ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম হাসিবুল হক শুনানি শেষে এ আদেশ দেন। তবে তাদের মুক্তির দাবিতে গ্রাহকরা আদালত চত্বরে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।
জানা গেছে, গতকাল গুলশান থানার প্রতারণার মামলায় তিনদিনের রিমান্ড শেষে মোহাম্মদ রাসেল ও চেয়ারম্যান শামীমা নাসরিনকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। এরপর ধানমন্ডি থানার প্রতারণার আরেক মামলায় তাদের সাতদিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ।