আবারো বিশ্বব্যাপী সাড়ে ১০ হাজারের বেশি মৃত্যু
অদৃশ্য ভাইরাসে লন্ডভন্ড আধুনিক বিশ্ব। দুমড়ে মুচড়ে গেছে অর্থনৈতিক সুপার পাওয়াররা। যে আধুনিক সভ্যতা স্বাধীনতার কথা বলে মুখে ফেনা তুলে, তারাই আজ অদৃশ্য এক ভাইরাসের শাসনে প্রায় দুই বছর গৃহবন্দী। এটাই কি জ্ঞানী, বিচক্ষণ মানুষের জন্য উত্তম দৃষ্টান্ত নয়? যে আল্লাহ মহা পরাক্রমশালী, প্রজ্ঞাময়। বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বিশ্বে আরো ১০ হাজার ৫৫৭ জনের মৃত্যু হয়েছে। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যু বেড়েছে ১৮০ জন। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ৪৫ লাখ ৫৫ হাজার ৭২৬ জনে পৌঁছেছে।
একই সময়ে প্রাণঘাতী এ ভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছেন ৬ লাখ ৭৫ হাজার ৬৩২ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা কমেছে প্রায় সাড়ে তিন হাজার। এতে মহামারির শুরু থেকে ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১ কোটি ৯৯ লাখ ১৮ হাজার ৬১৬ জনে।
করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে এসব তথ্য পাওয়া গেছে।
ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। এ সময়ে দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৭৭ হাজার ৫৬৮ জন এবং মারা গেছেন ১ হাজার ৫৬৫ জন। করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত এ দেশটিতে এখন পর্যন্ত ৪ কোটি ৫ লাখ ১৩ হাজার ১৮ জন করোনায় আক্রান্ত এবং ৬ লাখ ৬২ হাজার ৮৫৩ জন মারা গেছেন।