শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

৯০ দিনের মধ্যে করোনার উৎস জানাতে গোয়েন্দাদের নির্দেশ বাইডেনের

অনলাইন নিউজ পোর্টাল • 27 মে 2021, 12:40 দুপুর • 781 বার পঠিত
৯০ দিনের মধ্যে করোনার উৎস জানাতে গোয়েন্দাদের নির্দেশ বাইডেনের

করোনাভাইরাসের উৎস নিয়ে আগামী ৯০ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোকে নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন। বুধবার তিনি এ নির্দেশ দেন।

চীনের উহান শহরে প্রথম প্রাদুর্ভাব ঘটা এ ভাইরাসের উদ্ভব বন্যপ্রাণী থেকে নাকি গবেষণাগার থেকে, তা নিয়ে চলা বিভ্রান্তির মধ্যে বুধবার এমন নির্দেশ দেন তিনি।

২০১৯ সালের শেষদিকে চীনের উহানে প্রথম শনাক্ত হয়েছিল করোনাভাইরাস। এখন পর্যন্ত এ ভাইরাসে বিশ্বব্যাপী আক্রান্তের সংখ্যা ১৬ কোটি ৮০ লাখ ছাড়িয়েছে। মৃতের সংখ্যা রেকর্ড করা হয়েছে অন্তত ৩৫ লাখ।

জানা গেছে, করোনাভাইরাস প্রাণী থেকে নাকি গবেষণাগারের দুর্ঘটনার পর মানুষের শরীরে সংক্রমিত হয়েছিল, তা নিয়ে তদন্ত প্রতিবেদন দিতে ক্ষমতায় আসার পরই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছিলেন বাইডেন। চলতি মাসে একটি প্রতিবেদন তিনি হাতে পেয়েছেন। তবে সেটিকে অসম্পূর্ণ উল্লেখ করে এ বিষয়ে আরো সুস্পষ্ট ও সুনির্দিষ্ট সিদ্ধান্ত জানতে দ্বিতীয় তদন্ত প্রতিবেদন দিতে নির্দেশ দেন তিনি।

এ নিয়ে বাইডেন বলেন, আমি এখন গোয়েন্দা সংস্থাগুলোকে তাদের চেষ্টা দ্বিগুণ করে আরো বেশি তথ্য সংগ্রহ এবং তা বিশ্লেষণ শেষে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার অনুরোধ জানাচ্ছি। ৯০ দিনের মধ্যে আমাকে প্রতিবেদন জমা দিন। আমি আশা করছি, এর মাধ্যমে একটি সুনির্দিষ্ট উপসংহারে পৌঁছানো যাবে।

করোনাভাইরাসের উৎস নিয়ে নতুন করে আরও স্বচ্ছ প্রতিবেদন দিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রতি যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ও মানবসেবা মন্ত্রী জেভিয়ের বেসেরার আহ্বানের পরই নতুন তদন্তের নির্দেশ দিলেন বাইডেন।