৮৮ হাজার ৪১৮ জন হাজি দেশে ফিরেছেন, মৃত্যু ১১৪
পবিত্র হজ শেষে ৮৮ হাজার ৪১৮ জন হাজি সৌদি আরব থেকে দেশে ফিরেছেন। রবিবার হজ পোর্টাল থেকে জানা গেছে এবার হজে গিয়ে এখন পর্যন্ত ১১৪ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। ।
এতে বলা হয়, শনিবার রাত পর্যন্ত মোট ফিরতি ফ্লাইট সংখ্যা ছিল ২৩৪টি। এর মধ্যে ১০৫টি ফ্লাইট বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত, ৮৯টি ফ্লাইট সৌদি এয়ারলাইন্সের পরিচালিত এবং ৪০টি ফ্লাইট ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত।
এদিকে, এ বছর হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ১১৪ জনের। এরমধ্যে পুরুষের সংখ্যা ৮৯ জন এবং মহিলার সংখ্যা ২৫ জন। তাদের মধ্যে মক্কায় মারা গেছেন ৯৪জন, মদিনায় ৭জন, জেদ্দায় ১জন, মিনায় ৯জন, আরাফায় ২জন এবং মুজদালিফায় ১জন।
উল্লেখ্য, গত ২৭ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হয়। চলতি বছর বাংলাদেশ থেকে ১ লাখ ২২ হাজার ৮৮৪ জন হজ পালনে সৌদি আরব যান। হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট ছিল গত ২ জুলাই এবং শেষ ফ্লাইট হবে আগামী ২ আগস্ট।