শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

`৭১ এর এই দিনে অস্থায়ী সরকারের শপথগ্রহণ

অনলাইন নিউজ পোর্টাল • 17 এপ্রিল 2021, 10:58 দুপুর • 686 বার পঠিত
`৭১ এর এই দিনে অস্থায়ী সরকারের শপথগ্রহণ

কুষ্টিয়া জেলার মেহেরপুর মহকুমার বৈদ্যনাথতলার ভবেরপাড়া গ্রামের ‘মুজিব নগর’-এ প্রায় দশ হাজার মানুষের বিপুল হর্ষধ্বনির মধ্যে আওয়ামীলীগ চীফ হুইফ অধ্যাপক ইউসুফ আলীর স্বাধীনতা সনদ পাঠের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানের সূচনা হয়।
ঘোষণাপত্র পাঠ করার পর মঞ্চে ধীর পায়ে উঠে স্থির হয়ে দাঁড়ালেন সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, এম মনসুর আলী, এএইচএম কামরুজ্জামান, খন্দকার মোশতাক আহমেদ। একে একে সৈয়দ নজরুল ইসলাম উপরাষ্ট্রপতি, তাজউদ্দীন আহমদ প্রধানমন্ত্রী এবং এম মনসুর আলী, এএইচএম কামরুজ্জামান, খন্দকার মোশতাক আহমেদ মন্ত্রী হিসেবে শপথবাক্য পাঠ করেন।

শেখ মুজিবুর রহমানের অনুপস্থিতিতে উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামকে অস্থায়ী রাষ্ট্রপতি ঘোষণা করা হয়। অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামকে উপস্থিত পুলিশ ও আনসার বাহিনীর মুক্তিযোদ্ধারা এসডিপিও মাহবুবউদ্দীনের নেতৃত্বে সামরিক অভিবাদন জানান। এদিন প্রদত্ত ভাষণে অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম বলেন, আমরা বিশ্বের সব রাষ্ট্রের সাথে শান্তিপূর্ণ সহাবস্থান চাই। পরস্পরের ভাই হিসেবে বসবাস করতে চাই। মানবতা, গণতন্ত্র ও স্বাধীনতার জয় চাই।

প্রধানমন্ত্রী তাজউদ্দিন বৈদ্যনাথ তলায় প্রদত্ত এক দীর্ঘ বক্তৃতায় বলেন,বাংলাদেশে আজ যে ব্যাপক গণহত্যা চলছে পাকিস্তান সরকার তার সত্যতা গোপন ও বিকৃত করার জন্যে ওঠে পড়ে লেগেছে। বাংলাদেশ আজ যুদ্ধে লিপ্ত। পশ্চিম পাকিস্তানের ঔপনিবেশিক নির্যাতনের বিরুদ্ধে এই যুদ্ধ। এ সংগ্রাম আমাদের আত্মনিয়ন্ত্রণ অধিকারের সংগ্রাম, জীবন-মৃত্যুও সংগ্রাম। এছাড়া আমাদের আর কোন উপায় ছিল না। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন গণপরিষদ সদস্য আবদুল মান্নান।

এদিন শপথগ্রহণের এ অনুষ্ঠানে বৈদ্যনাথতলায় ৫০ জন দেশী-বিদেশী সাংবাদিক উপস্থিত ছিলেন। রাঙামাটির মধ্যস্থল বুড়িঘাটে পাকবাহিনীর ২০ জন সৈন্য লঞ্চযোগে এসে মুক্তিযোদ্ধাদের প্রতিরক্ষা ব্যুহ আক্রমণ করে। ক্যাপ্টেন খালেকুজ্জামানের নেতৃত্বে মুক্তিযোদ্ধারা পাল্টা আক্রমণ শুরু করলে পাকবাহিনীর অধিকাংশ সৈন্যসহ লঞ্চটি ধ্বংস হয়।