৭ অক্টোবর উদ্বোধন করা হবে বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল
আগামী ৭ অক্টোবর আংশিক উদ্বোধন করা হবে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল। এ দিন টার্মিনালের এক অংশের উদ্বোধন ঘোষণা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ মঙ্গলবার বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
তিনি বলেন, ৭ অক্টোবর আংশিক উদ্বোধন হলেও যাত্রীরা ২০২৪ সালের শেষের দিকে টার্মিনাল ব্যবহার করতে পারবেন।
তিনি আরও বলেন, কাজ সম্পাদিত হয়েছে ৮২ শতাংশ। আমাদের লক্ষ্যমাত্রা ছিল ৯০ শতাংশ কাজ শেষ করবো সাব ওপেনিং এর আগে। আমরা আশা করছি পরিকল্পনা মাফিক কাজ শেষ হবে।
এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান জানান, কোভিডের সময়ও এই প্রকল্পের কাজ থামেনি। তিনি বলেন, আমরা এই প্রকল্পে সাশ্রয় করেছিলাম ৭০০ কোটি টাকা। আমাদের প্রকল্পে ১২টি বোর্ডিং ব্রিজ নির্ধারিত ছিল, ওই টাকা দিয়ে তৈরি করা হবে কিছু অংশ।