৬৩ হাজার ৮৩২ জন হাজি দেশে ফিরেছেন, মৃত্যু ১০৮
৬৩ হাজার ৮৩২ জন হাজি সৌদি আরবে পবিত্র হজ পালন শেষে দেশে ফিরেছেন। ধর্ম মন্ত্রণালয় জানিয়েছেন, এবার হজ করতে গিয়ে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ১০৮ জন বাংলাদেশির। এর মধ্যে রবিবার মারা গেছেন ১ জন।
আজ সোমবার সকালে ধর্ম মন্ত্রণালয়ের হজ সম্পর্কিত সবশেষ বুলেটিনে এসব তথ্য জানিয়েছেন।
হজ বুলেটিনে বলা হয়, রবিবার রাত পর্যন্ত মোট ফিরতি ফ্লাইট সংখ্যা ১৬৬টি। এর মধ্যে ৭১টি ফ্লাইট বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত, ৬৬টি ফ্লাইট সৌদি এয়ারলাইন্স পরিচালিত এবং ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট ২৯টি।
এদিকে, এবার হজে গিয়ে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ১০৮ জন বাংলাদেশির। তাদের মধ্যে পুরুষের সংখ্যা ৮৩ জন ও নারীর সংখ্যা ২৫ জন। যারা মারা গেছেন তাদের মধ্যে মক্কায় ৮৮ জন, মদিনায় ৭ জন, জেদ্দায় ১ জন, মিনায় ৯ জন, আরাফায় ২ জন, মুজদালিফায় ১ জন। সৌদি আরবের আইন অনুযায়ী, সেখানেই তাদের দাফন করা হয়েছে।
উল্লেখ্য, গত ২৭ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হয়। চলতি বছর ১ লাখ ২২ হাজার ৮৮৪ জন বাংলাদেশ থেকে হজ পালনে সৌদি আরব যান। হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট ছিল গত ২ জুলাই এবং শেষ ফ্লাইট হবে আগামী ২ আগস্ট।