৬ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে জাতীয় সংসদের ৯ম অধিবেশন
আগামী ৬ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে জাতীয় সংসদের ৯ম অধিবেশন। এদিন বেলা ১১টায় এ অধিবেশন শুরু হবে। বুধবার জাতীয় সংসদ সচিবালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ৬ সেপ্টেম্বর বেলা ১১টায় ঢাকার শেরেবাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনের সংসদকক্ষে একাদশ জাতীয় সংসদের ৯ম অধিবেশন আহ্বান করেছেন।
জানা গেছে, এবারের অধিবেশনের মেয়াদও সংক্ষিপ্ত হবে। করোনা বিবেচনায় মাত্র পাঁচ কার্যদিবস চলতে পারে। সাংবিধানিক বাধ্যবাধকতা থেকে এবারো করোনাকালেই অধিবেশন বসছে। আগের অধিবেশনগুলোর মতো এবারো কঠোর স্বাস্থ্যবিধি মানা হবে।
এর আগে সর্বশেষ ৯ জুলাই চলতি অর্থবছরের অষ্টম অধিবেশন শেষ হয়েছিল। বাজেটের ওই অধিবেশনের মেয়াদ ছিল ৯ কার্যদিবস। করোনা সংক্রমণের ঝুঁকি নিয়েই সপ্তম ও অষ্টম অধিবেশন শেষ হয়। এবারের অধিবেশনেও সামাজিক দূরত্ব বজায় এবং স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়টি মাথায় রেখেই আয়োজন চলছে।