৫৫ কেজি সোনা চুরির ঘটনায় ৪ কর্মকর্তা বরখাস্ত
মোহাম্মদ খাইরুল আমিন
•
12 সেপ্টেম্বর 2023, 07:15 বিকাল
•
243 বার পঠিত
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টম হাউসের নিজস্ব গোডাউনের লকার ভেঙে ৫৫ কেজি সোনা চুরির ঘটনায় চার কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে ঢাকা কাস্টম হাউস কর্তৃপক্ষ।
যে ৪ কর্মকর্তাকে বরখাস্ত করাহয়েছে তারা হলেন- ঢাকা কাস্টম হাউসের সহকারী রাজস্ব কর্মকর্তা মো. সাইদুল ইসলাম সাহেদ, মাসুম রানা, মো. শহীদুল ইসলাম ও আকরাম শেখ।
আজ মঙ্গলবার ঢাকা কাস্টম হাউস কমিশনার এ কে এম নুরুল হুদা আজাদের স্বাক্ষর করা এক আদেশে এসব তথ্য জানানো হয়েছে।
গত ২ সেপ্টেম্বর শনিবার ঢাকা কাস্টম হাউসের গুদামের লকার থেকে সোনা চুরির ঘটনাটি বুঝতে পারে কর্তৃপক্ষ। বিষয়টি পরের দিন রবিবার আলোচনায় আসে। এ ঘটনায় অজ্ঞাতনামাদের আসামি করে মামলা হয়। এই ঘটনা তদন্ত করতে যুগ্ম-কমিশনার মিনহাজ উদ্দীনের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি টিম গঠন করেছে কাস্টম হাউস।