৫০০ রোহিঙ্গা পরিবারের কুতুপালং ক্যাম্প ত্যাগ
কক্সবাজারের উখিয়ার কুতুপালং ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র রোহিঙ্গাদের দুই গ্রুপে সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় কুতুংপালং ক্যাম্প-১ এ উত্তেজনা বিরাজ করছে। সংঘর্ষের কারণে মঙ্গলবার রাত ১০টা পর্যন্ত ক্যাম্প-১ থেকে আনুমানিক ৫০০ রোহিঙ্গা পরিবার ঘর ছেড়েছেন বলে নিশ্চিত করেছেন ক্যাম্প ইনচার্জ মো. মাহফুজুর রহমান।
তিনি বলেন, কুতুপালংস্থ ক্যাম্প-১ এ সন্ধ্যার পর থেকে সংঘর্ষ চলমান রয়েছে। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী, র্যাব, পুলিশ, এপিবিএন ও আনসার সদস্যরা কাজ করে যাচ্ছেন। এখনো ক্যাম্পে থমথমে অবস্থা বিরাজ করছে।
মো. মাহফুজুর রহমান বলেন, সংঘর্ষের কারণে আতঙ্কে এরইমধ্যে সাধারণ ৫০০ রোহিঙ্গা পরিবার ক্যাম্প-১ থেকে সরে গিয়ে অন্যান্য ক্যাম্পে আত্মীয়-স্বজনদের বাসায় আশ্রয় নিয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় ঘর ছাড়া রোহিঙ্গারা স্ব-স্ব ঘরে ফিরে আসবে।
অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. সামছু দ্দৌজা বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র কুতুপালং ক্যাম্পে নতুন ও পুরাতন রোহিঙ্গাদের মধ্যে গত কয়েকদিন ধরে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা চলছে। তারই ধারাবাহিকতা গত ৪ ও ৫ অক্টোবর ৩ জন রোহিঙ্গা হত্যা করা হয়েছে। আর মঙ্গলবার সকালে র্যাব অভিযান চালিয়ে ৯ জন রোহিঙ্গা ডাকাতকে অস্ত্র ও গুলিসহ আটক করে।