৫০ শতাংশ কোটা দাবি করেছে সরকারি চাকরিজীবীদের সন্তানরা
সোমবার (২৮ জুন) সংবাদমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে সরকারি চাকরিজীবীদের সন্তানদের জন্য ৫০ শতাংশ কোটার দাবি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আমাদের দেশের সরকারি চাকরিতে ৩য়-৪র্থ শ্রেণির কর্মচারীরা সবচেয়ে অবহেলিত। সারাজীবন চাকরি করেও তারা পরিবারের জন্য তেমন কোনো সঞ্চয় রাখতে পারেন না। চাকরির বেতন দিয়ে পরিবারের ভরণপোষণ, ছেলেমেয়েদের পড়ালেখা, চিকিৎসা খরচ মেটানো কষ্টসাধ্য। স্বল্পবেতনে চাকরি করার কারণে পুঁজির অভাবে তাদের সন্তানরা কোনো ধরনের ব্যবসা বাণিজ্য করার সুযোগ পান না। অনেক কষ্ট করে ছেলেমেয়েদের লেখাপড়া করানোর পরও তাদের কপালে জোটে বেকারত্বের অভিশাপ।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শ্রমিক-কর্মচারীদের মেধাবী সন্তানরা আজ নিয়োগ দুর্নীতির কাছে অসহায়। দুর্নীতির কারণে তারা তাদের কাঙ্ক্ষিত চাকরি পেতে পারছে না। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের সঙ্গে সঙ্গে দুর্নীতিবাজ চক্রগুলো সক্রিয় হয়ে ওঠে। বিভিন্ন প্রভাবশালী ব্যক্তির সুপারিশের পাহাড়ে চাপা পড়ে যায় মেধাবীদের স্বপ্ন। এ অবস্থায় অসহায় সরকারি কর্মচারীদের সন্তানদের জন্য সরকারি সব নিয়োগে ৫০ শতাংশ পোষ্য কোটা রাখা এখন সময়ের দাবি।