৪০০ গ্রাম হেরোইন নিয়ে রংপুরে আটক ২
রংপুরে ভয়ঙ্কর মাদকদ্রব্য হেরোইনসহ দুজন ধরা পড়েছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ানের (র্যাব) হাতে। তাদের কাছ থেকে ৪০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। এর আনুমানিক মূল্য চল্লিশ লাখ টাকা।
যে দুজন আটক হয়েছেন তারা হলেন রাজশাহীর আনোয়ার হোসেন (৪৮) ও চাপাইনবাবগঞ্জের সাদিউর হক (৪৫)।
আজ রবিবার সকালে গণমাধ্যমে এক সংবাদ বিজ্ঞপ্তি পাঠানো হয় র্যাবের কাছ থেকে। সেখানে র্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ এসব তথ্য নিশ্চিত করেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুরে রংপুর নগরীর শাপলা চত্বরে চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করা হয়। এ সময় সন্দেহভাজন একটি মোটরসাইকেলের এয়ার ক্লিনার বক্সের ভেতরে বিশেষ কায়দায় রাখা ৪০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করার পাশাপাশি দুজনকে আটক করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা বহুদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। আটক দুজনার বিরুদ্ধে রংপুর মহানগরীর কোতোয়ালি থানায় র্যাব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেছে।