৩২ নম্বরে হামলা গণতন্ত্র বিকাশে বাধা: মেজর হাফিজ
আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ জাতীয় প্রেস ক্লাবে স্বাধীনতা ফোরাম আয়োজিত ‘বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে গণতন্ত্রের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে দেন। এসময় তিনি ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় ভারতের ইন্ধন আছে কি না তা জানতে চান। তিনি বলেন, এই হামলার ঘটনা দেশের গণতন্ত্র বিকাশের পথে বাধা হয়ে দাঁড়াবে।
তিনি আরও বলেন, এ হামলার ঘটনায় কারা জড়িত, সরকারের ভূমিকা কী ছিল—এসব বিষয় এখনো স্পষ্ট নয়। আজকের মধ্যেই আশা করি সবকিছু পরিষ্কার হবে। কারা এই ঘটনা ঘটিয়েছে, কারা এর জন্য দায়ী, তখন পূর্ণাঙ্গ সব তথ্য পেলে আমরা এই সম্পর্কে বিএনপির মনোভাব মিডিয়া ও জনগণের সামনে প্রকাশ করব।
তিনি আরও বলেন, সংবিধান সংস্কারের বিষয়ে বিভিন্ন প্রস্তাব আসছে। কেউ কেউ ১৯৭২ সালের সংবিধান বাতিলের কথা বলছেন। কিন্তু এ সংবিধান শুধু আওয়ামী লীগের নয়, এটি জনগণের সংবিধান। প্রয়োজন হলে সংবিধানে সংযোজন করা যেতে পারে, তবে পরিবর্তন বা নতুন করে লেখা উচিত কি না, তা নির্ধারণ করবে জনগণ।
আলোচনাসভায় স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মোহাম্মদ রহমাতুল্লাহর সভাপতিত্বে বিএনপি নেতা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ও হাবিবুর রহমান হাবিবসহ অনেকে বক্তব্য রাখেন।