শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

৩১ মে হজ ফ্লাইট শুরু, বিমান ভাড়া ১ লাখ ৪০ হাজার

মোহাম্মদ খাইরুল আমিন • 27 এপ্রিল 2022, 03:18 দুপুর • 365 বার পঠিত
৩১ মে হজ ফ্লাইট শুরু, বিমান ভাড়া ১ লাখ ৪০ হাজার

এই বছরের হজ ফ্লাইট শুরুর সম্ভাব্য তারিখ আগামী ৩১ মে। সম্ভাব্য এই তারিখ ধরা হয়েছে। আর হজযাত্রীদের জন্য বিমান ভাড়া নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪০ হাজার টাকা।

আজ বুধবার সচিবালয়ে হজ ব্যবস্থাপনা একটি সভা অনুষ্ঠিত হয়। সেই সভাশেষে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী সাংবাদিকদের এসব তথ্য জানান।

এদিকে হজ এজেন্সিস অব এসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) এর নেতারা বলছেন, সব প্রস্তুতি শেষ করে ৩১ মে প্রথম হজ ফ্লাইট পরিচালনা করা সম্ভব হবে না। তারা বিমান ভাড়া কমানোরও দাবি জানিয়েছেন। 

দুই বছর পর বিশ্বের মানুষ আবার সৌদি আরবে হজ করতে যাওয়ার সুযোগ পেয়েছেন এবার। সারা বিশ্ব থেকে ১০ লাখ মানুষ এবার হজ করবেন। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৯ জুলাই হজ অনুষ্ঠিত হতে পারে।

এই বছর বাংলাদেশ থেকে ৫৭ হাজার ৮৫৬ জন হজে যেতে পারবেন। 

বিমান প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী বলেন, ৩১ মে প্রথম হজ ফ্লাইট হবে সে ধারণা নিয়ে আলোচনায় বসেছি। এর মধ্যে যেন সব কাজ সম্পন্ন করতে পারি, এ ব্যাপারে আমরা সবাই আলোচনা করে ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত নিয়েছি।

তিনি জানান, দুটি বড় ৭৭৭ বিমানের ডেডিকেটেড ফ্লাইটের মাধ্যমে হজযাত্রীদের নেওয়া হবে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৭৫টি ফ্লাইট অপারেশন করতে পারবে। বিমান বাংলাদেশের মাধ্যমে ৩১ হাজার হজযাত্রী পরিবহন করতে হবে। বাকি অর্ধেক যাত্রী সৌদি এয়ারলাইন্স বহন করবে।

প্রতিমন্ত্রী আরো জানান, এবার বাংলাদেশেই হজযাত্রীদের ইমিগ্রেশন সম্পন্ন করা হবে। তিনি এই সহযেগিতার জন্য সৌদি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। 

জ্বালানি খরচ প্রায় দ্বিগুণ হয়েছে। হিসেব করে দেখা গেছে বিমান ভাড়া দেড় লাখ টাকা আসে। বিমান প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী বলেছেন, কিন্তু হাজী সাহেবদের কল্যাণের কথা চিন্তা করে, যেন ভাড়াটা তাদের জন্য বহনযোগ্য ও গ্রহণযোগ্য হয়, আমরা সিদ্ধান্ত নিয়েছি বিমান ভাড়া হবে এক লাখ ৪০ হাজার টাকা।