শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

৩০০ টাকাই মজুরি চান চা শ্রমিকরা

মোহাম্মদ খাইরুল আমিন • 21 আগস্ট 2022, 04:01 দুপুর • 628 বার পঠিত
৩০০ টাকাই মজুরি চান চা শ্রমিকরা

সিদ্ধান্ত বদল করলেন শ্রমিকরা। সিলেট ভ্যালির চা শ্রমিকরা ৩০০ টাকা মজুরির দাবিতে ফের আন্দোলনে নেমেছেন। আজ রোববার বেলা ১১টায় সিলেট ওসমানী বিমানবন্দর সড়কে অবস্থান নেন তারা।

এই সময় শ্রমিকরা সড়কে বসে আন্দোলন করায় বিমানযাত্রীসহ সড়কটিতে যাতায়াত করা অসংখ্য যানবাহন আটকা পড়ে। এতে যানজট সৃষ্টি হয়েছে। ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
 
গতকাল শনিবার বিকেলে শ্রীমঙ্গলে শ্রম অধিদফতরের মহাপরিচালকের সঙ্গে বৈঠকের পর ধর্মঘট প্রত্যাহারের সিদ্দান্ত এসেছিল। এই ঘোষণা দিয়েছিলেন বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নিপেন পাল।
 
কিন্তু গতকালই এই সিদ্ধান্তে বেঁকে বসেন চা শ্রমিকরা। মজুরি ১৪৫ টাকা করার সিদ্ধান্তে তারা অসন্তুষ্টি প্রকাশ করেন। তাদের মধ্যে বিভক্তি দেখা দেয়। শ্রমিকরা বেঁকে বসায় নেতাদেরও মত পাল্টাতে হয়। তারা এই মজুরি বাস্তবায়ন না মেনে ফের আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন।
 
এমন পরিস্থিতিতে গতকাল রাতে সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান জেলা প্রশাসন সম্মেলন কক্ষে চা শ্রমিক নেতাদের নিয়ে বৈঠকে বসেছিলেন।
 
বৈঠক শেষে চা শ্রমিক ইউনিয়ন সিলেট ভ্যালির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রাজু গোয়ালা জানান, ‘‘আমরা ধর্মঘট প্রত্যাহার করিনি। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক পর্যন্ত স্থগিত করেছি। প্রধানমন্ত্রী ভারত সফর শেষে ফিরে আমাদের সঙ্গে কথা বলবেন। তাঁর সম্মানেই ততদিন পর্যন্ত আমরা আন্দোলন স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছি। কেননা, মজুরি মাত্র ২৫ টাকা বাড়ানোয় আমরা কেউই সন্তুষ্ট নই।’’  

প্রধানমন্ত্রীকে সম্মান জানিয়ে আজ রোববার থেকে শ্রমিকরা কাজে দেবেন বলেও নিশ্চিত করেছিলেন রাজু গোয়ালা।  
 
কিন্তু শ্রমিক অধিকার আন্দোলনের নেতাদের কাছ থেকে জানা যায়, সাধারণ শ্রমিকরা এই সমঝোতাও মানছেন না। তারা দাবি পূরণ না হওয়া অব্দি কর্মবিরতি চালিয়ে যেতে চান।  
 
শনিবার মধ্যরাতেই এক ভিডিও বার্তায় আন্দোলন চলমান রাখার ঘোষণা দেন চা শ্রমিক ইউনিয়নের কেন্দ্রিয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নিপেন পাল। 

আজ রোববার সকাল থেকে ফের আন্দোলনে নামেন শ্রমিকরা। তারা খালি গায়ে ‘মজুরি ৩০০ টাকা চাই’ লিখে রাজপথে অবস্থান নেন। সকাল থেকে তারা সিলেট নগরের উপকন্ঠ লাক্কাতুড়া চা বাগান সংলগ্ন এলাকা সড়ক অবরোধ করে রাখেন। 
 
এর পর সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরীর আশ্বাসের প্রেক্ষিতে এক দিনের আলটিমেটাম দিয়ে শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করে নেন।