৩০ বছর পুলিশকে ফাঁকি, অবশেষে যা হলো ৬ খুনের আসামির
ভারতের উত্তরপ্রদেশে ১৯৯১ সালে আগরায় ছয়জনকে খুন করেন রাম সেবক। তাকে গ্রেফতারও করা হয়। জামিনে মুক্তি পাওয়ার পর থেকেই পলাতক ছিলেন রাম সেবক।
তন্নতন্ন করে তল্লাশি চালিয়েও পুলিশ তার টিকি খুঁজে পায়নি।
আশেপাশের রাজ্যগুলিতে খোঁজ চালিয়েও অভিযুক্ত রাম সেবককে খুঁজে পেতে ব্যর্থ হয় পুলিশ। রাম সেবক যেন কর্পূরের মতো হঠাৎ করে উধাও হয়ে গিয়েছিলেন।
তদন্ত চালিয়ে পুলিশের ধারণা হয়, রাম সেবক আর বেঁচে নেই বা তিনি এমন কোথাও গিয়ে আশ্রয় নিয়েছেন যেখান থেকে তাকে ধরা কঠিন।
শেষটায় গ্রেফতারির হাত থেকে পাকাপাকি ভাবে বাঁচতে ফন্দি আঁটেন রাম সেবক। ঠিক করেন পুরনো নাম-পরিচয় সব মুছে ফেলবেন। বদলে ছদ্মবেশ ধারণ করে নতুন পরিচয় নিয়ে বাঁচবেন।
অনেক ভেবে রাম সেবক ঠিক করেন গা ঢাকা দিতে বৌদ্ধ ভিক্ষুর থেকে ভাল ছদ্মবেশ আর হতে পারে না। পাশাপাশি, স্বভাবে শান্ত বলে পরিচিত বৌদ্ধ ভিক্ষুর ছদ্মবেশ ধরলে তাকে চট করে কেউ সন্দেহ করবে না। সমাজে মান-সম্মানও পাওয়া যাবে।
রাম সেবকের ফন্দি সত্যিই কাজে আসে। বৌদ্ধ ভিক্ষু সেজে উত্তরপ্রদেশ এবং দিল্লির আশেপাশে ঘোরাফেরা করা সত্ত্বেও পুলিশ ঘুণাক্ষরে তার ব্যাপারে টের পায়নি।
তবে শেষরক্ষা হয়নি। ৩০ বছর ধরে পলাতক থাকার পর ২৬ সেপ্টেম্বর সোমবার রাতে রাম সেবককে ফারুখাবাদ বাসস্ট্যান্ডের কাছ থেকে গ্রেফতার করে পুলিশ।