শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

২৯ পৌরসভায় ভোটগ্রহণ চলছে

অনলাইন নিউজ পোর্টাল • 28 ফেব্রুয়ারি 2021, 08:31 সকাল • 257 বার পঠিত
২৯ পৌরসভায় ভোটগ্রহণ চলছে

পঞ্চম ধাপে ২৯ পৌরসভায় ভোটগ্রহণ চলছে। রোববার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়; একটানা চলবে বিকাল ৪টা পর্যন্ত।

এ উপলক্ষ্যে নির্বাচনি এলাকায় পুলিশ, র‌্যাব, কোস্টগার্ড ও বিজিবির বাড়তি সদস্য মাঠে রয়েছেন।

এই নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন একশ জন। তাদের মধ্যে ১৪টি পৌরসভায় ২২ জন স্বতন্ত্র প্রার্থী মাঠে রয়েছেন। তাদের বেশির ভাগই আওয়ামী লীগ-বিএনপির বিদ্রোহী প্রার্থী।

এ ধাপের ১৪ পৌরসভা নির্বাচনে সহিংসতার আশঙ্কায় নির্দিষ্ট সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর চেয়েও বাড়তি সদস্য মোতায়েন করা হয়েছে। এই ১৩টির মধ্যে আটটিতেই স্বতন্ত্র প্রার্থী রয়েছেন।

আজ চার উপজেলা চেয়ারম্যান এবং ১৩টি ইউনিয়ন পরিষদের বিভিন্ন পদেও উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সংশ্লিষ্ট সূত্রগুলো এসব তথ্য জানিয়েছে।

তবে নির্বাচন ঘিরে বড় ধরনের সহিংসতার আশঙ্কা নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার কবিতা খানম।

 তিনি বলেন, আমাদের কাছে যে তথ্য রয়েছে তাতে সব নির্বাচনি এলাকার পরিস্থিতি ভালো। পরিস্থিতি গুরুতর অবনতি হতে পারে-এমন তথ্য নেই। তিনি বলেন, ইতোমধ্যে দু-একটি সহিংস ঘটনা ঘটেছে। সেগুলোর বিষয়ে পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের বলা হয়েছে।

প্রসঙ্গত, এর আগে চারটি ধাপে ২০৩টি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হয়।

এর আগে শনিবার ভোটকেন্দ্রগুলোয় নির্বাচনি সামগ্রী পাঠানো হয়েছে। ভোটগ্রহণের সময়ে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর বাড়তি সদস্য মোতায়েন ছাড়াও ম্যাজিস্ট্রেটরা মাঠে নেমেছেন।

 নির্বাচনি এলাকায় যান চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এছাড়া পৌরসভাগুলোর ভোটকেন্দ্রের পাহারায় ২ হাজার ৫০০ জন পুলিশ, এক হাজার ২৫০ জন আনসার ও চার হাজার ৩৭৫ জন অঙ্গীভূত আনসার মোতায়েন থাকছে।

ইসি সূত্র জানায়, পঞ্চম ধাপে ৩১ পৌরসভায় ১৯ জানুয়ারি তফসিল ঘোষণা করা হয়। পরে অন্য ধাপ থেকে এ ধাপে যুক্ত হয় সৈয়দপুর পৌরসভা। অপরদিকে উচ্চ আদালতের রায়ের কারণে যশোর পৌরসভার ভোট স্থগিত করা হয়। চট্টগ্রামের রাউজান পৌরসভায় মেয়র ও কাউন্সিলরসহ সব পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পান।

ভোটগ্রহণের আগ মুহূর্তে জামালপুরের দেওয়ানগঞ্জ পৌরসভার নির্বাচন অনর্দিষ্টকালের জন্য স্থগিত করেছে নির্বাচন কমিশন। সব মিলিয়ে ২৯টি পৌরসভায় আজ ভোট হচ্ছে।

 সবকটি পৌরসভায় ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করে ভোট নেওয়া হচ্ছে। তবে উপজেলা পরিষদের ভোট কাগজের ব্যালটে নেওয়া হচ্ছে।