২৭০০ কোটি টাকা ব্যয়ে হবে পঞ্চগড়-বাংলাবান্ধা রেললাইন: মন্ত্রী
রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন বলেছেন, পঞ্চগড় থেকে বাংলাবান্ধা স্থলবন্দর পর্যন্ত প্রায় ৪৭ কিলোমিটার নতুন রেলপথ নির্মাণের নকশা ও সমীক্ষা যাচাইয়ের কাজ সম্পন্ন হয়েছে। নতুন এ রেলপথ নির্মাণে ব্যয় হবে প্রায় ২৭’শ কোটি টাকা।
বুধবার দুপুরে পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে রেললাইনটি সম্প্রসারণ বিষয়ে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভায় এ তথ্য জানান তিনি।
রেলমন্ত্রী বলেন, প্রায় ৪৭ কিলোমিটার রেলপথে জগদল, ভজনপুর, তেঁতুলিয়া, তিরনইহাট ও বাংলাবান্ধায় স্টেশন নির্মাণ করা হবে। সেই সঙ্গে চারটি ব্রিজ ও ১৪ টি কালভার্ট নির্মাণ করা হবে। তার আগে ৮৬০ হেক্টর জমি অধিগ্রহণ করবে রেল। বাংলাবান্ধা পর্যন্ত রেল যোগাযোগ চালু হলে পঞ্চগড়ের আর্থ সামাজিক অবস্থার পরিবর্তন আসবে। সেই সঙ্গে বাংলাদেশের সঙ্গে ভারত, নেপাল ও ভুটানের ব্যবসা বাণিজ্যসহ যোগাযোগ ক্ষেত্রে নতুন দিগন্তের সূচনা হবে।
তিনি আরো বলেন, ১৯৬৫ সালে পাক ভারত যুদ্ধের পর ভারতের সঙ্গে বাংলাদেশের যে ৮টি পয়েন্টে রেল যোগাযোগ বন্ধ ছিল সেগুলোর মধ্যে ৫টি চালু করা হয়েছে। শিগগিরই বাকি তিন ইন্টারসেকশন পয়েন্টও চালু করা হবে।
মতবিনিময় সভায় রেল বিভাগের প্রকল্প পরিচালক মো. আবু জাফর মিয়া পঞ্চগড়-বাংলাবান্ধা রেলপথের নকশা ও বিভিন্ন তথ্য প্রজেক্টরের মাধ্যমে উপস্থাপন করেন।
জেলা প্রশাসক ড. সাবিনা ইয়াসমিনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন- পঞ্চগড়-১ আসনের এমপি মজাহারুল হক প্রধান, পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাত প্রমুখ।
পরে মন্ত্রী পঞ্চগড় থেকে বাংলাবান্ধা পর্যন্ত প্রস্তাবিত রেললাইন এলাকা পরিদর্শন করেন।