শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

২৫ মার্চ গণহত্যা দিবসে সারাদেশে এক মিনিট ‘ব্ল্যাক আউট’

মোহাম্মদ খাইরুল আমিন • 26 ফেব্রুয়ারি 2025, 10:30 রাত • 263 বার পঠিত
২৫ মার্চ গণহত্যা দিবসে সারাদেশে এক মিনিট ‘ব্ল্যাক আউট’

অন্য বছরের মতো এবারও ২৫ মার্চ গণহত্যা দিবসে সারাদেশ এক মিনিট অন্ধকারে (ব্ল্যাক আউট) থাকবে। ১৯৭১ সালের কালরাত স্মরণে রাত ১০টা ৩০ মিনিট থেকে ১০টা ৩১ মিনিট পর্যন্ত জরুরি স্থাপনা ব্যতীত সব স্থানে প্রতীকী ‘ব্ল্যাক আউট’ পালন করা হবে।

সম্প্রতি আন্তঃমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়, যেখানে সভাপতিত্ব করেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম। সভার কার্যবিবরণী অনুযায়ী, রেলপথ মন্ত্রণালয় প্রস্তাব করেছিল পবিত্র রমজান মাসের কথা বিবেচনা করে রাত ১২টা থেকে ১২টা ১ মিনিট পর্যন্ত ব্ল্যাক আউট পালনের, তবে আলোচনার পর সবাই রাত ১০টা ৩০ মিনিটে এই কর্মসূচি পালনে একমত হন।

এছাড়া, ২৫ মার্চ রাতে কোনো গুরুত্বপূর্ণ সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত বা বেসরকারি ভবনে আলোকসজ্জা করা যাবে না। তবে বাংলাদেশে অবস্থিত বিদেশি মিশনগুলো এই কর্মসূচির আওতামুক্ত থাকবে।

প্রসঙ্গত, ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি সেনাবাহিনী ‘অপারেশন সার্চলাইট’ চালিয়ে ঢাকায় ব্যাপক গণহত্যা সংঘটিত করে। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ হলসহ বিভিন্ন স্থানে ছাত্র, শিক্ষক ও সাধারণ মানুষের ওপর হত্যাযজ্ঞ চালানো হয়।

এছাড়া আন্তঃমন্ত্রণালয় সভায় সিদ্ধান্ত হয়েছে, গুরুত্বপূর্ণ সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি ভবন স্থাপনায় কোনো অবস্থাতেই ২৫ মার্চ রাতে আলোকসজ্জা করা যাবে না। অন্য বছর ২৩ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত সমরাস্ত্র প্রদর্শনী হয়ে থাকে। এ বছর সমরাস্ত্র প্রদর্শনী হবে না বলেও সভায় সিদ্ধান্ত হয়েছে।