২৫ হাজার প্রবাসী এখনই মালয়েশিয়ায় ফিরতে পারছেন না
করোনা ভাইরাসের কারণে আটকে পড়া ২৫ সহস্রাধিক বাংলাদেশি প্রবাসী শ্রমিকের মালয়েশিয়ায় ফেরা অনিশ্চিত হয়ে পড়েছে। তাদের সহসা মালয়েশিয়ায় প্রবেশ করতে দেবে না বলে ঘোষণা দিয়েছে দেশটির সরকার।
বুধবার মালয়েশিয়ার সিনিয়র মন্ত্রী (প্রতিরক্ষা) দাতুক সেরি ইসমাইল সাবরি ইয়াকোব কুয়ালালামপুরে এক সাংবাদিক সম্মেলনে বলেছেন, কোভিড-১৯ মহামারির কারণে অভিবাসন নীতিতে নিষেধাজ্ঞা বলবত্ থাকায় বাংলাদেশ থেকে প্রবাসী কর্মীদের এ মুহূর্তে মালয়েশিয়ায় প্রবেশ করতে দেওয়া হবে না।
বিদেশিদের জন্য মালয়েশিয়ার সীমান্ত বন্ধ রয়েছে। সরকার বিদেশি কর্মীদের প্রবেশের অনুমতি দেবে না, যদি না তাদের অভিবাসন বিভাগের অনুমতি না থাকে। করোনা ভাইরাস মহামারি নিয়ন্ত্রণে আসলে তখন নতুন করে অভিবাসন নীতি ঘোষণা করা হবে। ততদিন পর্যন্ত বিদেশিরা প্রবেশের অনুমতি পাবে না।
করোনা পরিস্থিতি মোকাবিলায় গত ১৩ অক্টোবর থেকে রাজধানী কুয়ালালামপুর ও সাবাহ রাজ্যসহ দেশের বিভিন্ন এলাকায় বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এর আওতায় লোকজনের চলাচল নিয়ন্ত্রণের উদ্যোগ নেওয়া হয়েছে। জরুরি প্রয়োজন ছাড়া নিজ জেলার বাইরে যাওয়ার ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। করোনা ভাইরাস আক্রান্তের বিপুল সংখ্যাধিক্য থাকায় বাংলাদেশসহ বিশ্বের ২৩টি দেশের নাগরিকদের মালয়েশিয়ায় প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ।
এতে বাংলাদেশকে উচ্চপর্যায়ের ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে চিহ্নিত করেছে মালয়েশিয়া। দেশটির প্রতিরক্ষামন্ত্রী বলেন, আমরা জানতে পেরেছি, কোভিড-১৯ মহামারির কারণে যে ২৩টি দেশে কড়া নিষেধাজ্ঞা রয়েছে, বাংলাদেশ তার মধ্যে অন্যতম। তাই অনেকে ফিরতে চাইলেও তাদের অনুমতি দেব না।