২৪ ঘণ্টায় রোগী বাড়ল ১৩৫ জন, নতুন শনাক্ত ৩৫৭
গত কয়েকদিন ধরে রোজ দেশে করোনায় আক্রান্তের সংখ্যা বাড়ছে। এবার বিরাট এক লাফ দিল আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশে ৩৫৭ জন নতুন করোনাভাইরাসে আক্রান্ত রোগী পাওয়া গেছে। গত ১৪ সপ্তাহের মধ্যে এটাই সবচেয়ে বেশি।
এই ২৪ ঘণ্টায় অবশ্য করোনায় আক্রান্ত হয়ে দেশে কেউ মারা যায়নি।
স্বাস্থ্য অধিদপ্তর আজ তাদের নিয়মিত বিজ্ঞপ্তিতে জানায়, বুধবার সকাল থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৫ হাজার ২০০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৩৫৭ জন সংক্রমিত।
আগের দিনের চেয়ে এদিন রোগী পাওয়া গেছে ১৩৫ জন বেশি। বুধবার ২৩২ জনের আক্রান্ত হওয়ার খবর মিলেছিল।
বাংলাদেশে গত ২৬ মার্চ রোজকার শনাক্ত ১০০’র নিচে নেমে গিয়েছিল। এর ধারাবাহিকতায় গত ৫ মে পাওয়া যায় মাত্র ৪ জন রোগী। কিন্তু ২২ মের পর থেকে রোজ সংক্রমিত রোগীর সংখ্যা বাড়ছে।
রোববার ১১ সপ্তাহ পর ফের দিনে শনাক্তের সংখ্যা ১০০ ছাড়ায়। সেদিন ১০৯ জন রোগী পাওয়া যায়। পরের দিন সোমবার পাওয়া যায় ১২৮ জন। মঙ্গলবার তা বেড়ে হয় ১৬২ জন। আর গতকাল বুধবার তা ২০০ ছাড়িয়ে ২৩২ জন হয়ে গেল। ১৭ মার্চের পর ফের দৈনিক শনাক্ত ২০০ ছাড়িয়েছে। আর আজ তো তা আরো অনেক বেশি বেড়ে গেল।
ঢাকায় সংক্রমণের হার সবচেয়ে বেশি। নতুন আক্রান্ত ৩৫৭ জনের মধ্যে ৩২৮ জনই ঢাকা মহানগর ও জেলার বাসিন্দা। এছাড়া চট্টগ্রামে ১৬ জন, কক্সবাজারে ৭ জন, নারায়ণগঞ্জে ও বরিশালে ২ জন করে এবং গাজীপুর, চাঁদপুরে একজন করে নতুন রোগী পাওয়া গেছে।
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার বেড়ে ৫ দশমিক ৭৬ শতাংশ হয়েছে। এটি আগের দিন ছিল ৩ দশমিক ৮৮ শতাংশ।
নতুনদের নিয়ে দেশে শনাক্ত মোট রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১৯ লাখ ৫৪ হাজার ৯৪৪ জন।
গত ২৪ ঘণ্টায় করোনায় কেউ মারা না যাওয়ায় এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর মোট সংখ্যা আগের মত ২৯ হাজার ১৩১ জন রয়েছে।