শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

২০২৫-এর বন্যপ্রাণী সংরক্ষণ পুরস্কার: মনোনয়ন পেলেন যারা

মোহাম্মদ খাইরুল আমিন • 18 জুন 2025, 09:35 রাত • 308 বার পঠিত
২০২৫-এর বন্যপ্রাণী সংরক্ষণ পুরস্কার: মনোনয়ন পেলেন যারা

বন্যপ্রাণী সংরক্ষণ ও গবেষণায় অবদানের স্বীকৃতি হিসেবে ‘বন্যপ্রাণী সংরক্ষণে জাতীয় পুরস্কার ২০২৫’-এর জন্য চার ব্যক্তি ও প্রতিষ্ঠানকে মনোনীত করেছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের বন শাখা-২ থেকে বুধবার (১৮ জুন) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, ‘বন্যপ্রাণী সংরক্ষণ (ব্যক্তি পর্যায়)’ ক্যাটাগরিতে পুরস্কার পাচ্ছেন নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার পূর্ব মাধনগরের মো. ফজলে রাব্বী। ‘বন্যপ্রাণী সংরক্ষণ (প্রতিষ্ঠান পর্যায়)’ ক্যাটাগরিতে মনোনীত হয়েছে শেরপুর সদর উপজেলার শেরপুর বার্ড কনজারভেশন সোসাইটি।

এ ছাড়া ‘বন্যপ্রাণী বিষয়ক শিক্ষা ও গবেষণা (ব্যক্তি পর্যায়)’তে পুরস্কার পাচ্ছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মো. মনোয়ার হোসেন। ‘বন্যপ্রাণী বিষয়ক শিক্ষা ও গবেষণা (প্রতিষ্ঠান পর্যায়)’ ক্যাটাগরিতে নির্বাচিত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগ। বিভাগের পক্ষে পুরস্কার গ্রহণ করবেন বিভাগীয় চেয়ারম্যান ড. মোসা. শেফালী বেগম।

নীতিমালানুযায়ী, প্রতিটি শ্রেণির পুরস্কারপ্রাপ্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ২২ ক্যারেট মানের দুই ভরি (২৩.৩২ গ্রাম) ওজনের স্বর্ণপদক, এক লাখ টাকার অ্যাকাউন্ট-পেয়ী চেক এবং একটি সম্মাননা সনদ প্রদান করা হবে।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, এই জাতীয় পুরস্কার দেশের বন্যপ্রাণী সংরক্ষণ, গবেষণা ও পরিবেশ বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রাখবে। একইসঙ্গে পরিবেশবান্ধব উদ্যোগকে উৎসাহিত করবে এবং ভবিষ্যৎ প্রজন্মকে সম্পৃক্ত করবে।