২০২৩ সালে এসএসসি ও এইচএসসি পরীক্ষা হবে সব বিষয়ে
করোনাভাইরাস মহামারির কারণে দুই বছর পিছিয়ে থাকা এসএসসি ও এইচএসসি পরীক্ষা আগামী বছর একটু এগিয়ে এনে নেওয়ার পরিকল্পনা করেছে শিক্ষা মন্ত্রণালয়। পরীক্ষা হবে সব বিষয়ে, পূর্ণ নম্বরের। তবে তা সংক্ষিপ্ত সিলেবাসেই হবে।
শিক্ষামন্ত্রী দীপু মনি মঙ্গলবার সচিবালয়ে একটি সংবাদ সম্মেলনে এই তথ্য জানান। তিনি বলেন, ২০২৩ সালে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষা এপ্রিলে করতে চান তারা। আর এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষা ২০২৩ এর জুনে নেওয়ার পরিকল্পনা করেছেন।
তিনি বলেন, ‘২০২৩ সালের এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষা ২০২২ সালের পরীক্ষার জন্য ঘোষিত সিলেবাস অনুযায়ী হবে। আর ওই বছরের এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষা ২০২২ সালের জন্য নির্ধারিত ১৮০ কর্মদিবসের পাঠ্যসূচি অনুসারে হবে। পরীক্ষা সকল বিষয়ে হবে এবং পূর্ণ নম্বরে হবে।’
এই বছরের জেএসসি পরীক্ষার কি হবে? এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানালেন মন্ত্রী। করোনার কারণে গত দুই বছর অষ্টম শ্রেণির এই সমাপনী পরীক্ষা হয়নি।
এতদিন সাধারণত ফেব্রুয়ারিতে হতো মাধ্যমিক পরীক্ষা। আর উচ্চ মাধ্যমিক পরীক্ষা হতো এপ্রিলে। করোনার কারণে এসব সূচি পাল্টাতে বাধ্য হতে হচ্ছে।
২০২০ সালে দেশে করোনা আসার আগেই এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। কিন্তু এইচএসসি পরীক্ষা হতে পারেনি।
এর পর দেড় বছর শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকে। শেষে ২০২১ সালের মাধ্যমিক ও উচ্চমাধমিক পরীক্ষা পেছাতে হয়। গত নভেম্বরে এসএসসি ও ডিসেম্বরে এইচএসসি পরীক্ষা হয়েছে। তবে তা হয়েছে সংক্ষিপ্ত সিলেবাসে। এসএসসি পরীক্ষা নেওয়া হয় তিন বিষয়ে। আর এইচএসসি পরীক্ষা হয় তিন বিষয়ের ছয়টি পত্রে।
এ বছর ২০২২ সালের এসএসসি পরীক্ষা ১৯ জুন থেকে এবং এইচএসসি পরীক্ষা ২২ অগাস্ট থেকে নেওয়ার পরিকল্পনা করেছে শিক্ষা মন্ত্রণালয়। তবে এবারও সব বিষয়ে ও পূর্ণ নম্বরে পরীক্ষা হবে না।