২০১৪’র পর এত গরম দেখেনি রাজশাহী
প্রচণ্ড খরতাপে পুড়ছে রাজশাহী। সকাল গড়াতে না গড়াতেই গরমে অতিষ্ট হয়ে উঠছেন নগরবাসী। অসম্ভব গরম আর কড়া রোদে জনজীবন বিপর্যস্ত হয়ে উঠেছে। পবিত্র রমজানের মধ্যে হাপিয়ে উঠেছে মানুষজন। ২০১৪ সালের পর এতটা গরম দেখেনি রাজশাহীর মানুষ।
আজ শুক্রবার রাজশাহীতে এই মৌসুমের সর্বোচ্চ ৪২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। ২০১৪ সালের চৈত্র মাসে শেষবার এমন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। সেবার তাপমাত্রা ছিল ৪২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
প্রচণ্ড গরমে একটু শান্তির খোঁজে মানুষ ছায়া খুঁজে বেড়াচ্ছে। যাদের পথেঘাটে কাজ তাদের নাভিশ্বাস উঠছে। দিনমজুরদের কষ্টের শেষ নেই। যেখানে যাওয়া যায় সেখানেই আবহাওয়া উত্তাপ ছড়াচ্ছে।
বৃষ্টির জন্য চারদিকে হাহাকার উঠেছে। ঘরে বাইরে সবজায়গায় গরমে কষ্ট পাচ্ছে মানুষজন।
রাজশাহী আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, গত কয়েকদিন ধরে রাজশাহীর তাপমাত্রা বাড়ছেই। আজ তীব্র তাপপ্রবাহ বইছে। সাধারণত তাপমাত্রা ৩৬ থেকে ৩৮ হলে মৃদু তাপপ্রবাহ, ৩৮ থেকে ৪০ হলে মাঝারি ও ৪০ থেকে ৪২ ডিগ্রি সেলসিয়াস হলে তীব্র তাপপ্রবাহ বলে ধরা হয়।
গত কয়েক বছরের মধ্যে এই মৌসুমের আজকের তাপমাত্রাই সর্বোচ্চ। আবহাওয়া অফিস জানাচ্ছে, এর মধ্যে বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই। তবে তাপমাত্রা আর নাও বাড়তে পারে।