২ মাসে ১৯ ই-কমার্স প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ উঠেছে
অনলাইন নিউজ পোর্টাল
•
22 সেপ্টেম্বর 2021, 06:56 সকাল
•
363 বার পঠিত
দেশে করোনা সংক্রমণের পর থেকে অনলাইন কেনাকাটা বাড়েব্যাপকহারে। এ সময় সবজি, ওষুধ থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় পণ্যও বিক্রি হয় অনলাইনে। এতে ক্রেতাদের চাহিদার পাশাপাশি বাড়তে থাকে অসাধু, মুনাফাখোর প্রতারকদের প্রতারণাও।
সম্প্রতি অস্বাভাবিকভাবে বেড়েছে ই- কমার্স প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে অভিযোগ। গেল দুই মাসে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরে বিভিন্ন ই-কমার্স প্রতিষ্ঠানের বিরুদ্ধে আগের চেয়ে ৮ হাজার বেশি অভিযোগ পড়েছে। সংস্থার মহাপরিচালক বাবলু কুমার সাহা জানান, অভিযোগগুলো ই-ভ্যালি, ই-অরেঞ্জ ও দারাজসহ ১৯টি ই-কমার্স প্রতিষ্ঠানের বিরুদ্ধে।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের কাছে অনেক ক্রেতাই অভিযোগ জানাতে আসেন। সম্প্রতি বেশিভাগ অভিযোগই আসছে ই-কমার্স প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে। এদের মধ্যে ই-ভ্যালি ও ই-অরেঞ্জ ছাড়াও দারাজ, কিউকম, ধামাকাসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠান রয়েছে।