১৭ লাখ টাকার প্রকল্প রক্ষায় ব্যয় ৩৪ লাখ টাকা!
সরাইলে হাওর এলাকায় ১০ ফুট গভীর নিচু ভূমি ভরাট করে আশ্রয়ণ-২ প্রকল্পের গৃহ নির্মাণের উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন। আর ১৭ লাখ টাকার গৃহ নির্মাণ প্রকল্পের কাজের জায়গা প্রস্তত করতে ব্যয় হচ্ছে ৩৪ লাখ টাকা।
এমন ব্যয় মিটানোর কোন নির্দেশনাও নেই প্রকল্পের নীতিমালায়। এত কিছুর পরও বর্ষায় বিলীন হয়ে যাওয়ার শঙ্কা করছেন স্থানীয়রা।
এ ঘটনায় ইউএনও কে কারন দর্শানো নোটিশ দিয়েছেন জেলা প্রশাসক। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বিশেষ বরাদ্দে নির্মিতব্য এসব গৃহ পাবে ভূমিহীন ও গৃহহীন দরিদ্র শ্রেণির মানুষ। সারা দেশের ন্যায় সরাইলেও ভূমিহীন ও গৃহহীন ১০২টি পরিবারকে এ প্রকল্পের আওতায় গৃহ নির্মাণ করে দেয়া হবে। ইতিমধ্যে তালিকাও প্রণয়ন করা হয়েছে।
চলছে স্থান নির্ধারণ ও গৃহ নির্মাণের প্রক্রিয়া। ২০২১ সালের জানুয়ারি মাসের মধ্যে এ প্রকল্পের কাজ সম্পন্ন করার নির্দেশনা রয়েছে।
গত মঙ্গলবার সরজমিন গিয়ে দেখা গেছে, উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের দক্ষিণে হাওরে লাহুর নদ সংলগ্ন ১০ ফুট গভীর নীচু জায়গা খননযন্ত্র দিয়ে ভরাটের কাজ চলছে। ৩০ শতাংশ খাসভূমিটি ভরাটের জন্য লাহুর নদের তলদেশ থেকে মাটি আনা হচ্ছে। নোয়াগাঁও গ্রামের বাসিন্দা মাঞ্জু মিয়া ৬ লাখ টাকার চুক্তিতে মাটি ভরাটের কাজটি করছেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানায়, ওই জায়গায় ১০টি পরিবারকে পুনর্বাসন করা হবে। প্রত্যেক পরিবারের জন্য দুই শতাংশ জমির মধ্যে ৩৯৪ বর্গফুট আয়তনের দুই কক্ষের একটি সেমিপাকা গৃহ নির্মাণ করা হবে। সাথে থাকবে একটি টয়লেট ও একটি রান্নাঘর। প্রতিটি গৃহের নির্মাণ ব্যয় নির্ধারণ করা হয়েছে এক লাখ ৭১ হাজার টাকা। এখানে দশটি গৃহ নির্মাণের ব্যয় হবে ১৭ লাখ ১০ হাজার টাকা।
উপজেলা প্রকৌশলী (ভারপ্রাপ্ত) নিলুফা ইয়াছমীন জানান, নদী ভাঙ্গন থেকে ওই গৃহগুলোকে রক্ষা করতে প্রতিরক্ষা দেয়াল নির্মাণ করতে হবে। এর জন্য ব্যয় হবে ২৮ লাখ ৫ হাজার টাকা। কর্তৃপক্ষ ইষ্টিমিট করতে বলেছেন।