১৬ ঘণ্টা পর দৌলতদিয়ার ফেরিঘাট চালু
মোহাম্মদ খাইরুল আমিন
•
20 মে 2022, 07:54 বিকাল
•
248 বার পঠিত
প্রায় ১৬ ঘণ্টা অচল অবস্থা। বন্ধ ছিল পারাপার। এর পর ফের চালু হলো দৌলতদিয়ার দুটি ফেরিঘাট। বৃহস্পতিবার মধ্যরাত থেকে এই দুই ঘাটে বন্ধ হয়ে গিয়েছিল নদী পারাপার।
বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপনা সূত্র থেকে জানা যায়, আজ শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে আবার ঘাট দুটি চালু হয়েছে।
দৌলতদিয়ার ৪ ও ৫ নম্বর ঘাট দুটি খুব গুরুত্বপূর্ণ। আর এই দুটি ঘাট পদ্মায় হঠাৎ পানি বেড়ে যাওয়ায় তলিয়ে যায়। তাতে বন্ধ হয় চলাচল।
শুক্রবার দুপুরের দিকে বিআইডব্লিউটিএ ঘাট দুটি সংস্কারের কাজে হাত দেয়। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় সাফল্য আসে। র্যাম টেনে ঘাট দুটোকে স্বাভাবিক অবস্থায় আনা হয়।
অপেক্ষায় থাকা বহু গাড়িকে এখন দ্রুত পার করার চেষ্টা চলছে। তাদের খুব ভোগান্তি গেছে। দৌলতদিয়ায় বর্তমানে সচল আছে ছয়টি ঘাট।