১৫শ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগ
দুর্নীতি দমন কমিশন (দুদক) প্রায় সাড়ে ১৫শ কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম ও তার স্ত্রী ফারজানা পারভীনের বিরুদ্ধে দুটি মামলা দায়ের করেছে।
মঙ্গলবার (২৫ মার্চ) দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। দুদকের সহকারী পরিচালক মাহমুদুল হাসান বাদী হয়ে সমন্বিত কার্যালয় ঢাকা-১ এ পৃথক মামলা দুটি দায়ের করেন।
প্রথম মামলায় এস আলম গ্রুপ ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান সাইফুল আলমের বিরুদ্ধে ৭৯৬ কোটি ২৮ লাখ ৪৪ হাজার ৪২৪ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। দ্বিতীয় মামলায় তার স্ত্রী ফারজানা পারভীনের বিরুদ্ধে ৭৪৩ কোটি ৫৭ লাখ ১ হাজার ৪৫৩ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।
দুদক আইন ২০০৪ এর ২৭ (১) এবং দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭ এর ৫(২) ধারায় তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। এজাহারে উল্লেখ করা হয়েছে, সাইফুল আলম ও তার স্ত্রীর নামে সিঙ্গাপুর, সাইপ্রাস, ব্রিটিশ ভার্জিনিয়া আইল্যান্ডসহ বিভিন্ন দেশে স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য পাওয়া গেছে, যা তাদের আয়কর নথিতে অন্তর্ভুক্ত ছিল না এবং দুদক এটিকে অর্থপাচার হিসেবে বিবেচনা করছে।
ক্ষমতার পট পরিবর্তনের পর ২০২৪ সালের ২৪ আগস্ট এস আলমের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক এবং জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে তাদের তলব করে।