১৪০ উপজেলায় আজ থেকে শুরু ভোটার তালিকা হালনাগাদ
আজ থেকে দ্বিতীয় ধাপে ১৪০ উপজেলায় ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। আর এ হালনাগাদ কার্যক্রম চলবে আগামী অক্টোবর পর্যন্ত।
এদিকে ইসি সূত্রে জানা গেছে, এ ধাপে রাজধানীর উত্তরা, মতিঝিল ও রমনা এলাকায় বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করা হবে।
তবে এর আগে, ২০ মে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু করে ইসি। প্রথম ধাপেও ১৪০টি উপজেলায় কর্মসূচি হাতে নেয়া হয়। আগামী ২০ নভেম্বর পর্যন্ত মোট চার ধাপে এ কার্যক্রম সম্পন্ন করা হবে বলে জানিয়েছে ইসির সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এদিকে কর্মকর্তারা জানান, এবারের হালনাগাদ কার্যক্রমে ভোটার বৃদ্ধির হার ধরা হয়েছে ৭ দশমিক ৫ শতাংশ। অর্থাৎ ৮৪ লাখ ৯৬ হাজার ৫২৬ জন ব্যক্তিকে হালনাগাদের অন্তর্ভুক্ত করার লক্ষ্য নিয়ে কার্যক্রম হাতে নিয়েছে সংস্থাটি। এবারও গতবারের মতো তিন বছরের তথ্য একসঙ্গে নেওয়া হচ্ছে।
এক্ষেত্রে ২০০৭ সালের ১ জানুয়ারি বা তার পূর্বে যারা জন্মগ্রহণ করেছেন তাদের তথ্য সংগ্রহ করা হচ্ছে। এদের মধ্যে যাদের বয়স যখন ১৮ বছর পূর্ণ হবে, তখন তারা স্বয়ংক্রিয়ভাবে ভোটার তালিকায় যুক্ত হবেন।