১৩ বছরে দেশের মানুষের মাথাপিছু আয় সাড়ে ৪ গুণ বেড়েছে: তথ্যমন্ত্রী
শেখ হাসিনার নেতৃত্বে পুরো দেশ বদলে গেছে। এ সরকারের নেতৃত্বে গত ১৩ বছরে বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় সাড়ে ৪ গুণ এবং ক্রয়ক্ষমতা ৩ গুণ বেড়েছ বলেছেন,তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।
গত মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা যাওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, আমরা এক সময় বলতাম শ্রমিকের মজুরি হবে সাড়ে তিন কেজি চালের মূল্যের সমান। এখন একজন শ্রমিক যে মজুরি পান, সেই মজুরি দিয়ে ১২ কেজি চাল কিনতে পারেন। অর্থাৎ প্রতিটি মানুষের ভাগ্যের উন্নয়ন হয়েছে। যে মানুষ ১২-১৩ বছর আগে বিদেশে গেছে, সে এসে দেশ চিনতে পারে না, গ্রাম চিনতে পারে না। পুরো দেশ বদলে গেছে। সমগ্র পৃথিবী বাংলাদেশের প্রশংসা করছে।
জাতিসংঘের মহাসচিব বাংলাদেশের প্রশংসা করছেন, বিশ্বব্যাংকের প্রেসিডেন্টও প্রশংসা করেছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট প্রশংসা করেন, কিন্তু মির্জা ফখরুল ইসলামরা কিছুই দেখতে পান না। তারাই এ দেশের জনগণের সঙ্গে প্রতারণা করেছেন।
মন্ত্রী আরো বলেন, ভারত আমাদের অত্যন্ত বন্ধুপ্রতীম দেশ। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতায় উন্নীত হয়েছে। আমাদের সম্পর্কের বহুমাত্রিকতা আরো অনেক বিসৃত হয়েছে।
এ সময় চেকপোস্টে মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মোল্লা মো. শাহীন, আখাউড়া পৌরসভার মেয়র মো. তাকজিল খলিফা কাজল, উপজেলা চেয়ারম্যান মো. আবুল কাশেম ভূঁইয়া প্রমুখ।