শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

১২৭ বাংলাদেশিকে ফিরিয়ে দিলো আবুধাবি

অনলাইন নিউজ পোর্টাল • 17 আগস্ট 2020, 11:43 দুপুর • 198 বার পঠিত
১২৭ বাংলাদেশিকে ফিরিয়ে দিলো আবুধাবি

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি বিমানবন্দরে গত শনিবার ভোর থেকে এয়ার এরাবিয়া ফ্লাইটের ৫১ জন ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৮১ জনসহ মোট ১৩২ জন যাত্রী আটকা ছিলেন। এর মধ্যে ১২৭ জনকেই বাংলাদেশে ফেরত পাঠিয়েছে আবুধাবি। বাকি পাঁচজনকে তাদের স্থানীয় স্পন্সররা নিয়ে গেছেন।

বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে বিভিন্ন মাধ্যমে টানা দু’দিন চেষ্টা করেও বিষয়টি সমাধান না হওয়ায় আজ সোমবার ভোরে ফিরে যেতে হয়েছে বিমানের ৭৭ জন যাত্রীকে। আর এয়ার এরাবিয়ার ৫০ জন যাত্রীকে সোমবার দিনে অথবা রাতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

আমিরাত সরকারের নিয়ম অনুযায়ী, এয়ারলাইন্সগুলোকে তাদের যাত্রীদের নিয়ে আসার পূর্বে আবুধাবি ইমিগ্রেশন থেকে API (Advances passengers Information) নিতে হয়। কিন্তু বিমান ও এয়ার এরাবিয়া এয়ারলাইন্স ঢাকা থেকে আসার আগে কতজন যাত্রী নিয়ে আসছেন এবং যাত্রী কারা ছিলেন সে তথ্য আবুধাবি ইমিগ্রেশনকে না দেয়ায় অর্থাৎ API না দেয়ায় আবুধাবি ইমিগ্রশন মোট ১২৭ জন যাত্রীকে বাংলাদেশে ফেরত পাঠিয়ে দিচ্ছেন বলে জানিয়েছেন দূতাবাসের লেবার কাউন্সিলর।

যাত্রীদের বিষয়ে সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত রাষ্ট্রদূত মুহাম্মদ আবু জাফর বলেন, ‘শনিবার সকাল থেকে রবিবার রাত পর্যন্ত আমরা সব পর্যায়ে চেষ্টা করেছি কিন্তু বিষয়টি আমিরাতের আইনের পরিপন্থী হওয়ায় সফল হতে পারিনি।’ এয়ারলাইন্সগুলোকে যাত্রী নিয়ে আসার আগে আমিরাত সরকারের শর্তাবলী মেনে আসা উচিত বলে মন্তব্য করেন তিনি। বাংলাদেশ ছাড়াও ভারত, পাকিস্তান ও মিশরের প্রায় ৪শ যাত্রীকেও একই সমস্যার কারণে আবুধাবি ফিরিয়ে দিয়েছে বলে জানান রাষ্ট্রদূত।