১২ কেজি এলপিজির দাম কমলো ১০৪ টাকা
দাম কেবল বাড়ছিল। এবার ভোক্তা পর্যায়ে এলপিজি গ্যাসের দাম নিয়ে কিছুটা স্বস্তির খবর এল। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) ভোক্তা পর্যায়ে ১২ কেজি এলপিজির প্রতিটি সিলিন্ডারের দাম ১০৪ টাকা কমানোর সিদ্ধান্ত ঘোষণা করেছে। তাই ১ হাজার ৪৩৯ টাকা থেকে একটি ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম নেমে এল ১ হাজার ৩৩৫ টাকায়।
আগে থেকেই আলোচনা ছিল যে বিইআরসি ঈদের পর এলপিজির নতুন দাম নির্ধারণ করবে। সেটাই হলো। আজ বৃহস্পতিবার দুপুরে এলপিজির দাম কমানোর ঘোষণা দেয় তারা। এই দাম আজ সন্ধ্যা ৬টা থেকেই কার্যকর হবে।
বিইআরসির দেওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়, বেসরকারি এলপিজির রিটেইলার পয়েন্টে (ভোক্তা পর্যায়ে) মূসক ব্যতীত মূল্য প্রতি কেজি ১০৪ টাকা ২৬ পয়সা ও মূসকসহ মূল্য প্রতি কেজি ১১১ টাকা ২৬ পয়সায় সমন্বয় করা হয়েছে। সে অনুযায়ী রিটেইলার পয়েন্টে ভোক্তা পর্যায়ে ১২ কেজি এলপিজির মূসকসহ মূল্য ১ হাজার ৩৩৫ টাকায় সমন্বয় করা হয়েছে।
গত বছর পাঁচবার বেড়েছে এলপিজির দাম। টানা এবং বারবার দাম বাড়ায় এলপিজি নিয়ে আলোচনা ছিল। এর পর এই বছর জানুয়ারিতে সরকার ৫০ টাকা কমিয়ে এলপিজির দাম ১ হাজার ১৭৮ টাকা নির্ধারণ করে। কিন্তু ফেব্রুয়ারি মাসে ফের ৬২ টাকা দাম বাড়ানো হয়। মার্চে দাম করা হয় ১ হাজার ৩৯১ টাকা। আর এপ্রিলে সেই দাম ফের বাড়িয়ে করা হয়েছিল ১ হাজার ৪৩৯ টাকা।