১২ কেজি এলপিজির দাম ৯৩ টাকা কমল
ভোক্তা পর্যায়ে ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ৯৩ টাকা কমল। আজ বৃহস্পতিবার দাম কমানোর এই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
১২ কেজির একটি সিলিন্ডার বিক্রি হচ্ছিল ১ হাজার ৩৩৫ টাকা করে। ৯৩ টাকা কমে এখন এর নতুন দাম দাঁড়াল ১ হাজার ২৪২ টাকা।
আজকে বিকেলে এই ঘোষণা এসেছে। সংবাদ সম্মেলনে ঘোষণাটি দেন বিইআরসির চেয়ারম্যান আব্দুল জলিল। আজ সন্ধ্যা ৬টা থেকেই এ দাম কার্যকর হবে।
আব্দুল জলিল দাম ঘোষণার সময় বলেন, বেসরকারি এলপিজির রিটেইলার পয়েন্টে (ভোক্তা পর্যায়ে) মূসক ছাড়া মূল্য প্রতি কেজি ৯৭ টাকা ৩ পয়সা আর মূসকসহ মূল্য প্রতি কেজি ১০৩ টাকা ৫০ পয়সায় সমন্বয় করা হয়েছে। সে অনুযায়ী রিটেইলার পয়েন্টে ভোক্তা পর্যায়ে ১২ কেজি এলপিজির মূসকসহ মূল্য ১ হাজার ২৪২ টাকায় সমন্বয় করা হয়েছে।
এখন থেকে সাড়ে ১২ কেজি ওজনের সিলিন্ডারের দাম ১২৯৫ টাকা, ১৫ কেজি সিলিন্ডারের দাম ১৫৫৩ টাকা, ১৬ কেজি সিলিন্ডারের দাম ১৬৫৭ টাকা হবে।
এছাড়া ১৮ কেজি সিলিন্ডারের দাম ১৮৬৩ টাকা, ২০ কেজি সিলিন্ডারের দাম ২০৭১ টাকা, ২২ কেজি সিলিন্ডারের দাম ২২৭৮ টাকা, ২৫ কেজির সিলিন্ডার ২৫৮৭ টাকা, ৩০ কেজির সিলিন্ডার ৩১০৬ টাকা, ৩৩ কেজির সিলিন্ডার ৩৪১৬ টাকা, ৩৫ কেজির সিলিন্ডার ৩৬২২ টাকা এবং ৪৫ কেজির সিলিন্ডার ৪৬৫৯ টাকা নির্ধারণ করা হয়েছে।