১২-১৩ জনের নাম চূড়ান্ত করেছে সার্চ কমিটি
নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনার নিয়োগের জন্য ১২ থেকে ১৩ জনের নাম চূড়ান্ত করেছে রাষ্ট্রপতি গঠিত সার্চ কমিটি।
রোববার বিকেলে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে সার্চ কমিটির ষষ্ঠ বৈঠক তাদের নাম চূড়ান্ত করা হয়।
সার্চ কমিটির প্রধান ও আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান বলেন, আমরা ১০ জনের নাম আজ (রোববার) চূড়ান্ত করতে পারিনি। ১২ থেকে ১৩ জনের নাম চূড়ান্ত হয়েছে। ২২ ফেব্রুয়ারি সপ্তম বৈঠকে ১০ জনের নাম চূড়ান্ত হবে। এরপর রাষ্ট্রপতির কাছে তালিকা পাঠিয়ে দেওয়া হবে।
তালিকা প্রকাশ করা হবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নে তিনি বলেন, এটি রাষ্ট্রপতি সিদ্ধান্ত দেবেন। প্রয়োজন হলে তারা প্রকাশ করবে। আমরা তালিকা রাষ্ট্রপতির কাছে পাঠাবো।
এর আগে, শনিবার কমিটির পঞ্চম বৈঠক অনুষ্ঠিত হয়। ঐ বৈঠকে সার্চ কমিটিতে জমা পড়া ৩২২ জনের নামের তালিকা থেকে ২০ জনকে বাছাই করা হয়। ২০ জনের সংক্ষিপ্ত এ তালিকা থেকে চূড়ান্ত ১০ জনের নাম রাষ্ট্রপতির কাছে পাঠানোর কথা বলা হয়েছিল।
রাষ্ট্রপতি চূড়ান্ত তালিকা থেকে একজনকে ‘প্রধান নির্বাচন কমিশনার’ এবং চারজনকে ‘নির্বাচন কমিশনার’ পদে নিয়োগ দেবেন। বৈঠকে সদস্যদের সর্বসম্মতিক্রমে ২০ জনের সংক্ষিপ্ত তালিকা করার সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে সার্চ কমিটির এ সিদ্ধান্তের বিষয়টি সাংবাদিকদের জানিয়েছিলেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) সামসুল আরেফীন।
তিনি বলেছিলেন, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগের জন্য গঠিত সার্চ কমিটি ২০ জনের একটি তালিকা করা হয়েছে। আইনে বর্ণিত যোগ্যতা অনুসারে প্রস্তাবিত নামসমূহ থেকে তাদের বাছাই করা হয়েছে। আগামীতে আরো দু-একটি বৈঠক করবে সার্চ কমিটি। সেখান থেকে ১০ জনের নাম চূড়ান্ত করে রাষ্ট্রপতির কাছে তাদের প্রস্তাব পাঠানো হবে।
প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ আইন, ২০২২ অনুসারে নির্বাচন কমিশন গঠনে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে ছয় সদস্যের সার্চ কমিটি গঠন করে গত ৫ ফেব্রুয়ারি প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।